কৃষক ও কৃষির সমস্যাই মূলত: জাতীয় সমস্যা -জেলা কৃষক সংগ্রাম সমিতি

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় তাহিরপুর বাজারে সংগঠনের জেলা শাখার সভাপতি নিরঞ্জন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক নেতা রবিন্দ্র চন্দ্র সরকার, আফাজ উদ্দিন, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক আকিকুর রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, যুগ্ম সম্পাদক সামছুল আলম, দিজেন্দ্র পুরকায়স্থ। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষক অঞ্চলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির  পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, বাঁধ নির্মাণে দুর্নীতি হয়নি বলে মন্ত্রী হাওরের ৩২ টি উপজেলার প্রায় ৭০ লক্ষ মানুষকে উপহাস করেছেন। ভুক্তভোগী কৃষক প্রত্যক্ষ করেছেন যে, হাওরের কোন বাঁধেই কাজ হয়নি বা নামমাত্র যা হয়েছে তা সময়মত হয়নি। তিনি  মন্ত্রীর  বক্তব্যের  নিন্দা ও তীব্র প্রতিবাাদ জানান এবং    পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিচারের দাবি জানান।
তিনি আরো বলেন, সরকার যে পরিমাণ চাল ১০ টাকা কেজি দরে দিচ্ছে তা খুবই অপ্রতুল এবং অব্যবস্থাপনায় ভরপুর। তাই তিনি দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে পর্যাপ্ত চাল বিতরণ, গ্রামে গ্রামে রেশনিং ব্যবস্থা চালু এবং আপদকালীন নগদ অর্থ প্রদানের দাবি জানান। সভায় আগামীদিনের করণীয় নির্ধারণ করা হয়। প্রথম পর্যায়ে আর্ত মানুষের পাশে দাঁড়ানো, দ্বিতীয় পর্যায়ে অকাল বন্যায় ফসলহানি সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদ- নদী খননের দাবী সহ ১৭ টি দাবী ও পয়েন্ট নির্ধারণ করে হাওরের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।