কৃষক সংগ্রাম সমিতির সভা

হাওর এলাকার ফসলহানিজনিত পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন ও কর্মপন্থা নির্ধারণের জন্য বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখা এক সভায় মিলিত হয়েছে। ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে শুক্রবার সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহার কবীর, কৃষক নেতা খায়রুল বশর ঠাকুর খান, ফিরোজ আলম, আকিকুর রেজা, ছয়ফুল আশম প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলা       
কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  বন্ধ হয়ে যাওয়া ওএমএস কার্যক্রম পুনরায় চালুকরণ, ভিজিএফ’র পরিধি বৃদ্ধি করা, ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি বন্ধ, অকাল বন্যা রোধকল্পে নদী খনন প্রভৃতি দাবি দাওয়া উত্থাপন করে এসব দাবি দাওয়ার সমর্থনে জেলাব্যাপী গণসংযোগের সিদ্ধান্ত নেয়া হয়েছে ওই বৈঠকে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বাধীন কমিটি হাওরের বাঁধ দুর্নীতি নিয়ে সম্প্রতি যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সভায় সেটি প্রত্যাখ্যান করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।