কৃষি ঋণে সর্বোচ্চ সুদ ৯ শতাংশ

সু.খবর ডেস্ক
কৃষি ও পল্লী ঋণের সুদহার আরেক দফায় কমালো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কৃষি ও পল্লী ঋণের সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার আরোপ করতে পারবে ব্যাংকগুলো। বৃহস্পতিবার কৃষি ঋণের সুদ হারের এই ঊর্ধ্বসীমা নির্ধারণ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে কৃষকরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ পাবেন।
ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, কৃষি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি ও প্রকৃত কৃষকের কাছে ঋণ সহজলভ্য করার লক্ষ্যে অগ্রাধিকার খাত হিসাবে কৃষি ও পল্লী ঋণে ৯ শতাংশ সুদহার পুননির্ধারণ করা হলো। ১ জুলাই থেকে এ হার কার্যকর হবে।
গত বছরের ১৪ জুন এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লী ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করে। অনেক আগে থেকেই কৃষি ও পল্লী ঋণের সুদহারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে আসছে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালে এক নির্দেশনার মাধ্যমে কয়েকটি খাত ছাড়া সুদহারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়। তখন কৃষি এবং শিল্পের মেয়াদি ঋণের সুদহার নির্ধারণ করা হয় ১৩ শতাংশ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ শতাংশ হারে সুদ নিয়েছে ব্যাংকগুলো। ২০১৬ সালের জানুয়ারিতে তা কমিয়ে ১১ শতাংশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, অগ্রাধিকার খাত হিসাবে কৃষি ও পল্লী ঋণে ৯ শতাংশ সুদ হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
এবছর হাওরে আগাম বন্যা, অতিবৃষ্টিসহ বিভিন্ন কারণে ফসল উৎপাদন লক্ষ্য অনুযায়ী হয়নি। আবার পাহাড় ধসে অনেক কৃষক পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে আগামীতে উৎপাদন বাড়াতে সরকার কৃষি ঋণের সুদ হার কমালো।