ন্যায্যমূল্য নিশ্চিতে সরাসরি কৃষকের নিকট থেকে ফসল ক্রয়, কৃষি ভিত্তিক শিল্প কারখানা ও ব্যবসা বিশেষ ব্যবস্থাপনায় দ্রুত চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ। বুধবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, চলতি ইরি-বোরো ধানের মৌসুমের শেষ পর্বে করোনা ভাইরাসজনিত মহামারী পরিস্থিতির কারণে অঘোষিত লকডাউন কার্যকরি করায় সকল সেচযন্ত্র মেরামত দুঃসাধ্য হয়ে পড়েছে। ফসল ঘরে তোলার জন্য প্রয়োজনীয় যানবাহন মেরামত করে প্রস্তুত করতে পারছে না কৃষক। এ কাজে সংশ্লিষ্ট মিস্ত্রিরা কাজ করতে পারছে না। কোথাও মিস্ত্রিরা কাজ করলেও যন্ত্রাংশের দোকান বা লেদ কারখানা বন্ধ থাকছে। ফলে ধান পাকার পূর্বে সেচ কাজ ব্যাহত হয়ে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধান ঘরে তুলতে সমস্যা হবে। সবজি চাষীদের ক্রেতা না থাকার কারণে কৃষক উৎপাদিত সবজি বিক্রয় করতে পারছে না। পানির দামে বিক্রি করে চরম দূর্দশার মধ্যে পড়েছে সবজি চাষীরাও। বিগত মৌসুমেও অতীতের ন্যায় ফসলের ন্যায্যমূল্য বঞ্চিত কৃষক দিশেহারা। নেতৃবৃন্দ করোনা মহামারীজনিত পরিস্থিতি এবং পরবর্তিতে খাদ্য সঙ্কট মোকাবেলায় বিবৃতিতে উৎপাদিত ধানের ১/৩ অংশ রাষ্ট্রকে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করা এবং কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যবসা ও কৃষি ভিত্তিক শিল্প কারখানা বিশেষ ব্যবস্থায় দ্রুত চালুর দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি


