কোম্পানীগঞ্জে আবারও টিলা ধসে শ্রমিকের মৃত্যু, ওসিকে প্রত্যাহার

সিলেট অফিস
সিলেটের কোম্পানীগঞ্জে শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় আবারও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। নিহত ব্যক্তির নাম আনিস আলী (৩৫)। তিনি সুনামগঞ্জ সদরের আহমেদাবাদ গ্রামের কমরউদ্দিনের ছেলে।  
আহতরা হলেন সুনামগঞ্জ সদরের ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আবদুল গফর (৩২) ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৩)। এছাড়া গোপনে টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে আব্দুল করিম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটি চাপায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে থানার এসআই মোয়াজ্জেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা হতাহতদের উদ্ধার করে। এছাড়া তাৎক্ষনিকভাবে একজনকে আটকও করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সংলগ্ন মতিয়া টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় ৫ শ্রমিকের মৃত্যুর ১৭ দিনের মাথায় আবারো এমন দুর্ঘটনা ঘটল।
এদিকে, গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধসে ৫ শ্রমিক নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কোম্পানিগঞ্জের ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার তাঁকে প্রত্যাহার করে সিলেট জেলা পুলিশ লাইনে আনা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধসে ৫ শ্রমিক নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কোম্পানিগঞ্জের ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয়েছে।