ক্যাশ থেকে টাকা হাতিয়ে অভিযোগে জাউয়ায় ১ মহিলাসহ ৩ বিদেশি আটক, অবশেষে মুক্ত

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ছাতকের জাউয়াবাজার এলাকায় জনতার হাতে মহিলাসহ তিন ইরানী নাগরিক আটক হয়েছিল। এসময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-গ ২৩-১০৬১) আটক করে। পরে দক্ষিণ সুনামঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তল্লাশি করে ছিনতাইয়ের কোনো প্রমাণ না পেয়ে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক হয়েছিলেন ফারিবোর্জ মাসোফি (৫৫), মুহাম্মদ আলী (৪৮) ও ইয়াসমিন ইয়াজদানজু (৪৫)। আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী তিনজন ব্যক্তিই ইরানের রাজধানী তেহরানের স্থায়ী নাগরিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার কলেজ মার্কেট থেকে টিন ব্যবসায়ী  বাদল দে’র কাছে ৫শ টাকার দুইটি নোট জমা দিয়ে ১হাজার টাকার ১টি নোট চায় অভিযুক্ত ব্যক্তি ফারিবোর্জ মাসোফি। তখন সাথে থাকা মহিলা ও নিজেকে ইরানের অবসরপ্রাপ্ত আর্মি দাবি করা মুহাম্মদ আলী কথা বলে বাদলকে ব্যস্ত রাখে। তখন ক্যাশ থেকে টাকা বের করে কৌশলে একে একে সবাই নিজেদের গাড়ি করে পালিয়ে যায়। পরে তাদের পিছু ধাওয়া করে জাউয়া বাজারে জনতার সহায়তায় গাড়িসহ তাদের আটক করা হয়। জাউয়াবাজার এলাকার লোকজন আটককৃতদের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে আটককৃত তিন বিদেশী নাগরিককে থানায় জিজ্ঞাবাদ ও তাল্লাশী করা হয়। তাল্লাশী করে টাকা না পাওয়ায় এবং বাংলাদেশে আসার বৈধ ভিসার কাগজপত্র সাথে থাকায় পুলিশ তিনজনকেই ছেড়ে দেয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন,‘বিদেশি নাগরিকদের সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছিল। পরে তাদেরকে তাল্লাশী ও জিজ্ঞাসাবাদ করে কোনো কিছুই পাওয়া যায়নি। অভিযোগকারী বাদল দে তার অভিযোগ প্রত্যাহার করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।’