কয়েকটি ঘটনায় সব অর্জন ম্লান হয়েছে: সিইসি

সু.খবর ডেস্ক
দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, ‘প্রথম ধাপের তুলনায় ভোট কিছুটা ভালো হয়েছে। তবে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা পুরো অর্জনকে ম্লান করে দিয়েছে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন।
সিইসি বলেন, ‘প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই প্রথম ধাপের তুলনায় এবার পরিস্থিতি একটু ভালো হয়েছে। তবে কয়েকটি ইউপিতে কিছু ঘটনা সামগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে।’
কেরানীগঞ্জে এক শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি ভোলায় এক সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিইসি।
তিনি বলেন, ‘নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীরা কৌশল পরিবর্তন করেছে। যে কারণে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে প্রাণহানি  বেশি ঘটেছে।’
সিইসি বলেন, ‘ইতিমধ্যে নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা নিয়েছে।  যে কারণে আশা করা যায় পরের ধাপের নির্বাচনগুলো আরও সুষ্ঠু হবে।’
প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে দাবি করে সিইসি বলেন, ‘নির্বাচনে কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, যা সার্বিক অর্জনকে ম্লান করে দিয়েছে। যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেখানে কমিশন ব্যবস্থা নিয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির অভিযোগ সম্পর্কে কাজী রকিবউদ্দীন বলেন, ‘বিএনপির কিছু কিছু অভিযোগ কমিশন ইতিমধ্যে গ্রহণ করেছে।  যে কারণে প্রথম ধাপের মতো এবার আর রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি।’
অনিয়ম সহিংসতা রোধে ইসির অবস্থানের কথা তুলে ধরে কাজী রকিব বলেন, ‘প্রতিটি ঘটনাই ইসির পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। যেখানে অনিয়মের খবর পাওয়া গেছে সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ভবিষ্যতে আরো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির ভোট বর্জনের হুমকির বিষয়ে সিইসি জানান, দলটির অনেক দাবি কমিশন আমলে নিয়েছে।
পরের ধাপে আরো ভালো নির্বাচনের আশাও করেন তিনি।
সিইসিকে নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দল তাদের অভিমত দেবে। আমরা তাদের আশ্বস্ত করেছি-অনিম হলে ব্যবস্থা নেব।’
দ্বিতীয় ধাপের পর আরো চার ধাপে ভোট রয়েছে ইউপির। পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পাশাপাশি ভোটার উপস্থিতিও বাড়বে বলে মনে করেন সিইসি।
ইসির মিডিয়া সেন্টারে সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।