কয়েকটি সড়ক ছাতক পৌরবাসীর দুঃখ

বিজয় রায়, ছাতক
ছাতক পৌর শহরের দুই টি সংযোগ সড়ক এবং সড়ক ও জনপথ বিভাগের জিরো পয়েন্ট সংলগ্ন সড়কের কিছু অংশ শহররবাসীর জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সড়কগুলোর সংস্কার কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগের জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় দুইশ মিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। পৌরসভার অভ্যন্তরস্থ হলেও সড়কটির মালিকানা জটিলতায় আটকে আছে সংস্কার কাজ।
এ ছাড়া শহরের রেলওয়ের মসজিদ থেকে রেলওয়ে ষ্টেশন পর্যন্ত এবং রেলওয়ে ষ্টাফ কোয়াটার পয়েন্ট থেকে সিএনজি ষ্ট্যান্ড পর্যন্ত সড়কও বেহালদশায় পড়ে আছে। এ সংযোগ সড়ক দুটি ভাঙ্গাচুরা হওয়ার কারণে শহরের সৌন্দর্য্যকে অনেকটা ম্লান করে রেখেছে। শহরে আরো একটি গুরুত্বপূর্র্ণ সড়ক হচ্ছে জিরো পয়েন্ট থেকে সরকারী হাসপাতাল হয়ে পশ্চিম মোগলপাড়া মসজিদ পর্যন্ত সড়ক। শহরের এ সড়কটিও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার নাগরিকদের।
শহরের কাষ্টম এলাকা থেকে ডাকবাংলা জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই শ’ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সড়কের এ অংশটুকুতে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্ত। বর্ষায় এসব গর্তে বৃষ্টির পানি জমে ভয়াবহ রূপ ধারণ করে। পৌর শহরের অভ্যন্তরে হলেও এ সড়কটি মূলত সড়ক ও জনপথ বিভাগের।
প্রতিদিন শহরের বৌলা, তাতীকোনা, মোগলপাড়া, চরেরবন্দ, মন্ডলীভোগসহ কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের কয়েটি গ্রামের মানুষ এ সড়ক দিয়েই যাতায়াত করে থাকেন। এ ছাড়া পোস্টঅফিস, ছাতক থানা ও হাসপাতালে যাওয়া-আসা করার একমাত্র সড়ক এটি। সাধারণ মানুষের চিকিৎসা সেবাকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমপি মুহিবুর রহমান মানিক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের বাসভবনে যাওয়ার জন্য এটিই একমাত্র সড়ক। এসব এলাকার মানুষ উপজেলা পরিষদ, পৌরসভায় ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও ছাতক অনার্স-ডিগ্রী কলেজে পড়–য়া শিক্ষার্থীরা যাতায়াতে আর কোন বিকল্প পথ না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ মেনে নিয়েই যাতায়াত করছেন।
প্রধান সড়কের এ অংশটুকু দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় শহরবাসীর মধ্যে চাপা ক্ষোভও বিরাজ করছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় এ সড়কটি। যাতায়াতের সময় শিক্ষার্থীদের পোষাক-পরিচ্ছদ কাদা ও জমে থাকা বৃষ্টির পানিতে প্রায়ই নষ্ট হয়ে যেতে দেখা গেছে। এতে করে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে শিক্ষার্থীদের অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ফিরতে হচ্ছে বাসায়। প্রায় ১০ বছর পূর্বে শুরু হওয়া শহরের ট্রাফিক পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক মেরামত কাজ চারটি ধাপে শেষ করার কথা ছিল। এর মধ্যে তিনটি ধাপে কাষ্টম এলাকা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে ক’ বছর আগে। শুধুমাত্র এ অংশটুকু পড়ে আছে মেরামতের অপেক্ষায়।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর তাপস চৌধুরী জানান,‘পৌরবাসীকে বুঝতে হবে যে, পৌরসভার অভ্যন্তরে হলেও সড়কটি মূলত সড়ক ও জনপথ বিভাগের। ইচ্ছে করলেও পৌরকর্তৃপক্ষ এ অংশটুকু মেরামত করতে পারবে না। তবে শহরবাসীর যাতায়াতের সুবিধার জন্য একাধিকবার ভাঙ্গা অংশে ডাষ্ট ফেলা হয়েছে। ভাঙ্গা এ অংশটুকু সংস্কারের জন্য মেয়র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন।
এ ব্যাপারে সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমদ জানান, ছাতক-দোয়রাবাজার সড়ক ও ডাকবাংলা সংলগ্ন প্রায় আড়াই শ’ফুট সড়ক মেরামতের জন্য ইতিমধ্যেই প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে প্রেরন করা হয়েছে।
এদিকে রেলওয়ে মসজিদ পয়েন্ট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কটির অবস্থাও একেবারে লেজে-গোবরে। অনিয়মিতভাবে ট্রেন চলাচলের কারণে প্রায় আড়াই যুগ ধরে রেলওয়ের এ সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। প্রায় ৩ বছর আগে লাফার্জের পরিবহন সুবিধার জন্য রেলওয়ে ক্রসিং থেকে রেলওয়ে ষ্টাফ কোয়ার্টার পর্যন্ত এবং রেলওয়ে সংযোগ সড়কের ব্রিজ হতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মুখ পর্যন্ত সড়ক সংস্কার করা হয়েছিল লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার অর্থায়নে। কিন্তু লাফার্জের ভারী ট্রাক-লরী ও সিমেন্টবাহী বড়-বড় কার্গোট্রাক নিয়মিত চলাচলের কারণে বছর ঘুরতে না ঘুরতেই সড়কটি আবারো পূর্বাবস্থায় ফিরে যায়। কোর্ট রোড নামে পরিচিত এ সড়কটির মালিকানা হচ্ছে পৌরসভার। রেলওয়ে স্টেশন হতে বাকী অংশ আবার রেলওয়ে বিভাগের মালিকায়। কোর্ট রোড দিয়েই উপজেলা পরিষদে প্রবেশের প্রধান সড়ক এটি। এ সড়ক ঘেষা উপজেলা পরিষদের প্রধান ফটক, উপজেলা জামে মসজিদ, সূর্য্যরে হাসি ক্লিনিক, সাব-রেজিষ্ট্রারের কার্যালয়, সার্ভার ষ্টেশন, বাউবি কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন অফিস, পৌর প্রাথমিক বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, প্রাণী সম্পদ কার্যালয়, টিএন্ডটি অফিস ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ছাতক অনার্স-ডিগ্রী কলেজসহ সরকারী বিভিন্ন দপ্তর ও আবাসিক এলাকা । নিরাপদ মনে করে কলেজ পড়–য়া অধিকাংশ শিক্ষার্থীই এ সড়ক দিয়েই যাতায়াত করে থাকে। প্রায় ৪ শ’ মিটার দীর্ঘ এ সড়কের বেশীর ভাগেই রয়েছে বড়-বড় গর্ত ও খানা-খন্দ। সড়কের কোন-কোন অংশে লোহার রড বেরিয়ে বিপদজনক অবস্থায়ও রয়েছে। অপর দিকে জিরো পয়েন্ট থেকে হাসপাতাল রোড হতে মোগলপাড়া মসজিদ পর্যন্ত সড়কটিও বেহাল দশায় পড়ে আছে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়কের কিছু-কিছু অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবাসিক এলাকার ভেতর দিয়ে যাওয়া এ সড়ক পথে ভারী যানবাহন চলাচল না করলেও সব ধরনের ছোট গাড়ী নিয়মিতই চলাচল করছে।
এ ব্যাপরে পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায় জানান, জিরো পয়েন্ট থেকে হাসপাতাল গেট পর্যন্ত সড়ক সংস্কার কাজের টেন্ডার ইতিমধ্যেই দেয়া হয়েছে। হাসপাতাল গেট থেকে মোগলপাড়া পয়েন্ট পর্যন্ত এবং কলেজ রোড থেকে রেলওয়ে সংযোগ সড়ক পর্যন্ত সড়কের সংস্কার কাজ পরবর্তী প্যাকেজে শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের কাষ্টম হতে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াইশ মিটার সড়ক সংস্কারের জন্য মেয়র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। শীঘ্রই এ অংশটুকুর মেরামত কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।