খাজনার টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়লেন ভূমি কর্মকর্তা

ধর্মপাশা প্রতিনিধি
জমির নাম খারিজ, খাজনা আদায়ের নামে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনয়িনের বাদশাগঞ্জ ভূমি কার্যালয়ের সাবেক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সেলিম আহমদ স্থানীয় লোকজনদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দুইজন ভুক্তভোগী পৃথক পৃথকভাবে সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সেলিম আহম্মেদ পাইকুরাটি ইউনয়িনের বাদশাগঞ্জ ভূমি কার্যালয়ে কর্মরত ছিলেন। এ সময় চকিয়াচাপুর গ্রামের পহেল তালুকদার, মো. ওয়ারেছ আলী, অসিত কুমার, বৌলাম গ্রামের শফিকুল ইসলাম, নূরুল হক, বালিজুড়ি গ্রামের মো. রমজান আলীসহ একাধিক ব্যক্তির কাছ থেকে জমির নাম খারিজ ও খাজনা আদায়ের নামে লক্ষাধিক টাকা গ্রহণ করেন তিনি। পরে সেলিম আহমদ ভুক্তভোগীদের কাজ না করে দিয়ে গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ডিহিবাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে বদলি হয়ে যান। ভুক্তভোগীরা একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে সেলিম আহমদ ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া  অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু মাসের পর মাস চলে গেলেও ভুক্তভোগীদের টাকা ফেরত দেননি তিনি।
বিষয়টি নিয়ে পাইকুরাাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মো. রমজান আলী গত ২ ফ্রেব্রুয়ারি ও একই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে পহেল তালুকদার গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
মো. রমজান আলী ও পহেল তালুকদার বলেন, সেলিম আহমদ আমাদের জমির নাম খারিজ, খাজনা আদায়ের নামে আমাদের ও স্থানীয় লোকজনদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে অন্যত্র বদলি হয়ে গেছেন। সেলিম আহমদ ধর্মপাশায় এসে আমাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেও টাকা ফেরত দিচ্ছে না।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত সেলিম আহমদ বলেন, অভিযোগকারীদের সাথে জরুরী ভিত্তিতে যোগাযোগ করে বিষয়টি শেষ করা হবে।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।