খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

সু.খবর ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার ‘ষড়যন্ত্রে লিপ্ত’ অভিযোগ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর বর্তমান সরকারের ঘুম হারাম হয়ে গেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নানা প্রলাপ বকছেন।’ বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রণয়ন করছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তারা প্রথমে বলেছেন, বিএনপি চেয়ারপারসন মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন তারা বলছেন, ষড়যন্ত্র করতেই খালেদা জিয়া লন্ডন গেছেন। এরপরে হয়ত তারা আরেক নতুন তত্ত্ব দেবেন।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীন জোটের মন্ত্রী ও নেতারা মুনাফা, নগদ লাভ ইত্যাদির জন্যই প্রধানমন্ত্রীকে খুশি করতে লন্ডনে দেশনেত্রীর চিকিৎসা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং ষড়যন্ত্র তত্ত্বে মেতে উঠেছেন। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে সরকার তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়েছে। কিন্তু দেশনেত্রীর বিরুদ্ধে এসব অপপ্রচারে করে কোনো লাভ হবে না। চক্রান্ত ও নীলনকশা করে পার পাওয়া যাবে না।’
রিজভী বরেন, ‘জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্রের মাধ্যমে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।’
তিনি বলেন, কীভাবে দুঃশাসনকে আরো দীর্ঘায়িত করা যায়, কীভাবে আরেকটি একদলীয় পাতানো নির্বাচন করে আবারো ক্ষমতায় আসা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ। সেই কারণে সরকারের বিভিন্ন এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে মিথ্যা কল্পকাহিনী রচনা করে দলের সিনিয়র নেতাদের নামে বদনাম ও কুৎসা রটনা রটাচ্ছে।’
সকাল থেকে অবিরাম বর্ষণে নয়াপল্টন সড়ক হাঁটু পানির নিচে ডুবে যায়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পানি ঢোকে। পানি ডিঙিয়ে কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ ব্রিফিং করেন রিজভী।
‘অতিবৃষ্টিতে মহানগরীর জলজট’ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কার্যালয়ের ভেতরেও পানি ঢুকে গেছে। সড়ক-মহাসড়ক পানিতে ডুবে গেছে। মানুষ তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না। যে উন্নয়ন হচ্ছে পল্টনের সড়ক এখন যমুনা, এটা শেখ হাসিনার উন্নয়নের নুমনা। এই সরকারের উন্নয়নের চিত্র।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘মণিকাঞ্চন’ হিসেবে অভিহিত করে রিজভী বলেন, ‘বিএনপি নয়, ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগের নেতারা। তার উপর আওয়ামী লীগের সঙ্গে মনিকাঞ্চন হিসেবে যুক্ত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদেশে যত ষড়যন্ত্র তার জনকই হচ্ছেন এই তথ্যমন্ত্রী। এজন্যই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্যে কুৎসা রটাচ্ছেন। এদেশে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি   ছড়ানো, ভারতীয় হাইকমিশনে আক্রমণ এসব করে বাংলাদেশে একটি আগ্রাসনের পরিবেশ সৃষ্টির চক্রান্তের সঙ্গে তথ্যমন্ত্রী লিপ্ত।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ।