দোয়ারাবাজার প্রতিনিধি
টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বুধবার দোয়ারাবাজার উপজেলার সীমান্তে ভেঙে যাওয়া খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বুধবার বিকালে স্থানীয় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টারকে সাথে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও রাবারড্যাম পরিদর্শন করেন। পরিদর্শনকাালে উপজেলা চেয়ারম্যান স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
বাঁদ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত রাবারড্যাম প্রকল্প ও খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও এবার আবার এই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সীমান্তের গ্রামগুলোর অনেক ক্ষতি হয়েছে। গত বছরের বন্যায় যাদের ক্ষতি হয়েছিল এবারও তাদেরই ক্ষতি হয়েছে। রাবার ড্যামের উভয় পাশে বাঁধ নির্মাণ করার ফলে বারবার পাহাড়ী ঢল ও বন্যার পানিতে এই ক্ষতি হচ্ছে।’ তিনি আরো বলেন,‘ স্থানীয় লোকজন জানিয়েছেন রাবার ড্যামের উভয় পাশে বাঁধ নির্মাণ হওয়ার উজানের পানি নিষ্কাশনের পথ না থাকায় বাঁধ ভেঙ্গে পানি নিচে নেমে আসে। বাঁধ ভাঙ্গা রোধ করতে রাবার ড্যামের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য গেইট নির্মাণের প্রয়োজন। বন্যার সময় উজানের পানি নিচে নামার ব্যবস্থা থাকলে দ্রুত পানি নিচে নেমে যাবে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করবেন জানান তিনি।
উল্লেখ্য, বুধবার ভোর রাতে উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও রাবারড্যাম প্রকল্পের বেড়িবাঁধ ভেঙে বন্যা কবলিত হয়ে পড়ে উপজেলা সদর, সুরমা, লক্ষ্মীপুর ও বোগলাবাজার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। দ্রুত বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তিন ইউনিয়নের যোগাযোগের প্রধানতম সড়কের শরীফপুর গ্রামের নিকটবর্তী প্রায় অর্ধ কিলোমিটার অংশ পানির নিচে তলিয়ে যায়। উপজেলা সদরের সাথে ঐ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া, বাংলাবাজার, নরসিংপুর ও সদর ইউনিয়নের দোয়ারা-বাংলাবাজার সড়কটি আংশিক তলিয়ে গিয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


