খুনের মামলায় জনপ্রতিনিধি, সাংবাদিক রাজনীতিবিদদের জড়ানোয় দিরাইয়ে ৩ সংগঠনের পৃথক বিক্ষোভ কর্মসূচী

স্টাফ রিপোর্টার
দিরাইয়ে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ রাজনীতিবিদদের ‘ষড়যন্ত্রমূলকভাবে’ ৩ খুনের মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শনিবার উপজেলা মক্তিযোদ্ধা সংসদ ও ৪ নম্বর ওয়ার্ডবাসী, দিরাই বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচী পালন করে।
সকাল ১১ টায় ৪ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
নুর মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান তালুকদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, এপিপি অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, সাবেক কাউন্সিলর হিরেন্দ্র দেবনাথ প্রমুখ।
দূপুর ১২ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে এসে মানবন্ধনে মিলিত হয়।
উপজেলা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ দিরাই থানা কমান্ডের উপদেষ্টা এ কে এম জুবায়ের চৌধুরী, কানাই লাল রায়, ডেপুটি কমান্ডার রবিন্দ্র কুমার দাস, সাংগঠনিক কমান্ডার করুনা সিন্ধু দাস, পৌর কমান্ডার সিরাজুল ইসলাম, সন্তান কমান্ডের রাহাত মিয়া রাহাত প্রমুখ।
দুপুর ১ টায় দিরাই মধ্য বাজারে মানববন্ধন কর্মসুচি       পালন করে দিরাই ব্যবসায়ী সমিতি।
সমিতির সভাপতি সিরাজ উদদৌলা তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস, হাজী মজির উদ্দিন, মাজু মিয়া সরদার, তারিফ উদ্দিন চৌধুরী, আব্দুর রৌফ মিয়া, নুরুল হক মিয়া, ছোয়াব আলী প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৭ জানয়ারী উপজেলা ঘোড়ামার সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সঙ্গে একই এলাকার যুবলীগ নেতা একরার হোসেনের লোকজনের সংঘর্ষ হয়। ১৯ জানুয়ারী ইজারাদার ধনঞ্জয় দাস বাদী হয়ে একরার হোসেনসহ ২৯ জনকে আসামী করে এবং একরার হোসেনর বাদী হয়ে দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াসহ ৩৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন।