খেলার মাঠ যেন ছোট পুকুর

এনামুল হক এনি, ধর্মপাশা
এখানে পানির গভীরতা তিন থেকে পাঁচ ফুট। কোথায়ও আবার কম বা বেশি হতে পারে। চারপাশে বাধানো পাড়ে স্থির পানির এই ক্ষুদ্র জলাশয়কে প্রথম দেখাতে যে কেউ পুকুর বলেই আখ্যায়িত করবে। অবকাঠামোগত দিক থেকে যদিও এটিকে পুকুর বা ডোবা বলা যায় তবে সত্যিকার অর্থে এটি কোনো পুকুর বা ডোবা নয়।
এটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। বিদ্যালয়ের  
সামনেই যার অবস্থান।
মাঠের পশ্চিম পাশে বিদ্যালয়ের ভবন। দক্ষিণ পাশে একটি সড়ক ও বিদ্যালয়ের ছাত্রাবাস। উত্তর-পূর্ব দিক দিয়ে হামিদপুর-বংশীকুন্ডা বাজার সড়ক। ফলে মাঠের চারপাশে যে বেষ্টনি তৈরি হয়েছে তাতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মাঠটি এখন অঘোষিত পুকুরে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়ক তৈরি করার সময় মাঠের উত্তর পাশ থেকে মাটি নিয়ে সড়কে ফেলা হয়েছে। ফলে সেখানে কয়েকটি ডোবার সৃষ্টি হয়েছে। হেমন্তে সেই ডোবার পানি স্থানীয় লোকজন গোসলসহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। তখন পুরো মাঠ শুকিয়ে গেলেও ডোবাগুলোতে ৭-৮ ফুট পানি থাকে। মাসখানেক আগে আজাহার মিয়া নামের এক স্থানীয় বাসিন্দার চার বছর বয়সী ছেলে সবার অজান্তে এখানে এই মাঠের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলে শিশুটি প্রাণে বেঁচে যায়। রোজা ও ঈদের ছুটির পর আজ শনিবার থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হবে। বিদ্যালয়ের সামনে এমন অরক্ষিত জলাবদ্ধতা সাঁতার না জানা যে কোনো শিক্ষার্থীর জন্য প্রাণঘাতি হতে পারে।
দক্ষিণউড়া গ্রামের বাসিন্দা বিপ্লব বিশ্বাস বলেন, ‘জরুরি ভিত্তিতে মাঠটিতে মাটি ভরাটের ব্যবস্থা করা না হলে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে অন্যদিকে আশপাশের শিশুসহ শিক্ষার্থীরা অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকার হতে পারে।’
বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম বলেন, ‘মাঠের পাশ দিয়ে যখন সড়কের কাজ করা হয় তখন ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যেন পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট করে দেয়। কিন্তু তা করা হয়নি। পানি নিষ্কাশনের জন্য মাঠের দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে একটি পাইপ বসানো হয়েছে।’
সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সভাপতি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারে। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের ফান্ড থেকে মাঠটি সংস্কার করার ব্যাপারে জেলা প্রশাসকের কাছে বিনীত আহ্বান জানাবো।’