স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সেমি ফাইনালে বিশ্বম্ভরপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হয় ধর্মপাশা উপজেলা দলের। খেলা শেষে ফেরার পথে সুনামগঞ্জ-তাহিরপুর রোডের চালবন পয়েন্টে হঠাৎ দুর্বৃত্তরা খেলোয়াড়দের উপর হামলা করে। হামলায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত রফিকুল ইসলাম ও সোহাগ মিয়া বিশ্বম্ভরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বিশ্বম্ভরপুর উপজেলা ক্রীড়া সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ মে) জেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বিশ্বম্ভরপুর উপজেলা দল অংশগ্রহণ করে।
খেলা শেষে সিএনজি যোগে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে ফেরার পথে সুনামগঞ্জ-তাহিরপুর রোডের লালপুর পয়েন্টে দুর্বৃত্তরা খেলোয়াড়দের উপর হামলা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক মনিপুরী হাটি গ্রামের আব্দুল আলীমের পুত্র রুবেল মিয়া (২৫), একই গ্রামের সফর আলীর পুত্র হৃদয় মিয়া (২৬) ও সফর আলীর পুত্র মুজাহিদুল ইসলাম আশিক (১৮) সহ আরো কতিপয় দুর্বৃত্ত ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন সংঘবদ্ধভাবে ফুটবল খেলোয়াড়দের উপর লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে।
বিজ্ঞপ্তিতে ঘটনার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাদিউর রহিম জাদীদ ও বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


