খোলাবাজারে চাল-গম পৌঁছাতে হবে নিম্ন আয়ের মানুষের কাছে

সরকার খোলাবাজারে ১৫ টাকা কেজি দরে চাল এবং ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু করেছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই ওএমএস কার্যক্রম শুরু হল। পরবর্তী সময়ে এই কার্যক্রম আরও সম্প্রসারিত এবং প্রাথমিকভাবে দুই থেকে তিন মাস চালু থাকবে। ওএমএস চালু করাটা সরকারের একটি ভালো পদক্ষেপ।
কয়েকদিন থেকে বাজারে কেজিপ্রতি মোটা চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এর প্রভাবে বাজারে অন্যান্য চালের দামও কেজিপ্রতি ৪-৫ টাকা বেড়ে গেছে। চালের দাম কেন বাড়ছে, এর সঠিক কোনো জবাব পাওয়া যাচ্ছে না। বাজার বিশ্লেষকরা বলছেন, চাল ব্যবসায়ী ও মিলমালিকরা মিলে চালের দাম বাড়িয়ে দিয়েছে। চাল ব্যবসায়ীরা চালের আমদানি শুল্ক বাড়ানোকে দাম বাড়ার অন্যতম কারণ বলতে চাইছেন। সরকার আমদানি শুল্ক বাড়িয়েছে, এ কথা ঠিক। কিন্তু তাই বলে চালের দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে যাবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজার বিশ্লেষকরা বলছেন, চাল ব্যবসায়ীরা এতদিন চাল মজুদ করেছে, এখন দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করছে।
অর্থনীতির সাধারণ সূত্র হচ্ছে, কোনো জিনিসের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে সেই জিনিসের দাম বাড়তে পারে। কিন্তু বর্তমানে চালের যে সরবরাহ রয়েছে, তাতে কোনো ঘাটতি নেই। চাল আমদানিকারক ও মিলমালিকদের সঙ্গে একমত নয় খুচরা ব্যবসায়ীরা। তাদের মতে, মিলমালিক ও চাল আমদানিকারকরা চালের দাম বাড়িয়ে দিলে খুচরা পর্যায়ে কিছু করার থাকে না। যে পক্ষ যে যুক্তিই দাঁড় করাক না কেন, চালের দাম বাড়ায় বিপাকে পড়তে হয় নিম্ন এবং সীমিত আয়ের মানুষকে।
এর আগে সরকার হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে। এটিও একটি ভালো উদ্যোগ। কিন্তু এই কার্যক্রম চালু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই মিডিয়ায় ১০ টাকা কেজি দরের চাল নিয়ে দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে। সরকারি মহল থেকে কঠোর হুশিয়ারি উচ্চারণের পরও দুর্নীতি শূন্য পর্যায়ে নেমে এসেছে, এ কথা বলা যাচ্ছে না। অনেক জায়গায় হতদরিদ্ররাই ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে-এমন সংবাদও মিডিয়ায় আসছে। এই ইতিবাচকতাই আমাদের কাম্য। এ কথা বলার অপেক্ষা রাখে না, ১০ টাকা কেজি দরে চাল পাওয়ায় হতদরিদ্ররা উপকৃত হচ্ছেন। সরকার খোলাবাজারে কম দামে চাল, আটা বিক্রির যে কার্যক্রম শুরু করেছে এটিকে আমরা স্বাগত জানাই। সঙ্গে সঙ্গে এ কথাও বলতে চাই, ওএমএসের চাল যেন নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায় সেটি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজরা এতে হাত বসালে সরকারের আসল উদ্দেশ্যই ভেস্তে যাবে।