খোলা আকাশের নীচে লাফার্জের লক্ষাধিক বস্তা সিমেন্ট

ছাতক প্রতিনিধি
ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানীর লক্ষাধিক বস্তা সিমেন্ট খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় ডাম্পিং করে রাখা হয়েছে। রেলওয়ে সংলগ্ন সুরমা নদীর তীরে প্রায় দুই মাস ধরে এসব সিমেন্ট দিনের পর দিন খোলা আকাশের নীচে পড়ে আছে।
হঠাৎ করে এতো সিমেন্ট খোলা আকাশের নিচে ডাম্পিং করে রাখায় সিমেন্টের গুণগতমান নষ্ট হওয়াসহ বিভিন্ন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। এ ছাড়া এসব সিমেন্ট দিয়ে  ইমারত বা যেকোন স্থাপনা নির্মাণ করা হলে ঝুঁকিপূর্ণ হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
জানা যায়, দীর্ঘ দু’মাস ধরে সুরমা নদীর তীরে রেলওয়ের জায়গায় প্রায় দেড় লাখ বস্তা সিমেন্ট খোলা আকাশের নিচে স্তুপ      করে রাখা হয়েছে। এরই মধ্যে হালকা বৃষ্টিতে ডাম্পিং সাইটের কিছু সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে সিমেন্ট ডাম্পিং সাইডের লোড-আনলোডিংয়ের লেবার সর্দার পিন্টু জানান, এখানে দেড় লাখ বস্তা সিমেন্ট ডাম্পিং করে রাখা হয়েছে। তেরপাল দিয়ে সব সিমেন্ট ঢেকে রাখা সম্ভব হয়নি। ’
লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানীর সিলেটের ডিলার মোনায়েম খাঁন বাবুল নদীর পাড়ে সিমেন্ট ডাম্পিং করে রাখার কথা স্বীকার করে বলেন,‘এখানে তেরপাল ও পলিথিন দিয়ে মুড়িয়ে সিমেন্ট রাখা হয়েছে। এতে সিমেন্টের বস্তার গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
তবে ছাতক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সমরেন্দ্র তালুকদার জানান, খোলা আকাশের নীচে পলিথিন দিয়ে ডাম্পিং করে সিমেন্ট রাখলে এসব সিমেন্ট গুণগত মান নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এভাবে রাখলে সিমেন্টের ক্ষতি হবার সম্ভাবনাই বেশী।