গণতন্ত্র পুনরুদ্ধারে কঠোর কর্মসূচি দেওয়া হবে: হান্নান শাহ

সু.খবর ডেস্ক
সরকার গণতন্ত্র ‘ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত’ রয়েছে— এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে আইনের শাসন, গণতন্ত্র মৌলিক অধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, ‘বিনা অপরাধে দেশে গণগ্রেফতার চলছে। অথচ বর্তমান অবৈধ সরকার পুলিশের এসব কাজকে উৎসাহিত করছে।’
সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যখন যারা ক্ষমতায় থাকে তারাই তো প্রভাব বিস্তার করে। ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায় দেওয়া হয়েছে।’
তারেক রহমানকে যে সাজা দেওয়া হয়েছে তা সরকারের একটি ‘সাজানো নাটক’ মন্তব্য করে হান্নান শাহ বলেন, ‘জনগণকে বিভিন্ন ইস্যুতে ভুলিয়ে রাখতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এই সাজানো নাটক করা হয়েছে। সরকার মনে করে নাটকের মাধ্যমেই জনগণকে ভুলিয়ে রাখা যাবে।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সভাপতি খালেদা ইয়াসমিন, ব্যারিস্টার পারভেজ আহমেদ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।