গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লন্ডনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সেমিনার

লন্ডন প্রতিনিধি
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান বাহিনী কর্তৃক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির করণীয় শীর্ষক সেমিনার ৩ সেপ্টেম্বর বিকেলে ইস্ট লন্ডনের চার্চহীল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটি আয়োজিত সেমিনারে কীনোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মানবাধিকার নেতা ও ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবীর।  
তিনি বলেন নাৎসী বাহিনী কর্তৃক গণহত্যা সহ বিশ্বব্যাপী প্রতিটি গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাংলাদেশে যেখানে তিন মিলিয়ন মানুষকে হত্যা করা হয় তার আন্তর্জাতিক স্বীকৃতি নেই। বিশ্ববাসী বিষয়টি জানলেও ১৯৭৫ পরবর্তিতে এ বিষয়ে কোন কুটনৈতিক তৎপরতা হয়নি, বরং ৭৫ পরবর্তি সরকারগুলো বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিতে সচেষ্ট ছিল। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, শীর্ষ অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে তার পরেও কথা থেকে যায়, যেসব মানবতাবিরোধী অপরাধী মারা গেছে তাদের বিচারের আওতায় আনা যায়নি, আইন করে এদেরও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে এমন আইন রয়েছে, ইচ্ছে করলে যে কেহ প্রমাণ সহ এসব বিষয়ে মামলা করতে পারে।
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির অনারারী প্রেসিডেন্ট সাংবাদিক ইসহাক কাজলের সভাপতিত্বে ও নির্বাহী প্রেসিডেন্ট সৈয়দ এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল গাফফার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নির্মুল কমিটির উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।