স্টাফ রিপোর্টার
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকি বলেছেন,‘ গত বছর হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিক সময়ে ও সঠিকভাবে বাস্তবায়ন হয়নি যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা গত বছরের সেই পরিবেশে আর ফিরে যেতে চাই না। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বচ্ছতার সাথে বাঁধের কাজ করতে চাই। হাওরের বোরো ফসল রক্ষা করতে চাই।’
তিনি আরো বলেন,‘ প্রতিটি বাঁধ নির্মাণে ৬ ইঞ্চি মাটি দেয়ার পর পর কমপেকশন করতে হবে। কমপেকশন করার হ্যামারটি হতে হবে লোহার তৈরি ও তার ওজন হতে হবে ৭ কেজি। এভাবে বাঁধে কমপেকশন করলে বাঁধ টেকসই ও মজবুত হবে।’
সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ পদ্ধতি নিয়ে মতবিনিময় সভায় পৃথক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজজামানের সঞ্চালনায় মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত হাওর রক্ষা বাঁধসমূহের নির্মাণ পদ্ধতি, সমস্যা ও সমাধানের উপায় বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


