সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে অভিনব কৌশলে গরু ও ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে জনতার ধাওয়া খেয়ে সিএনজি ফেলে চোরেরা পালিয়ে গেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার বাদাঘাট (দ) ইউনিয়নের সিরাজপুর-মিয়ারচর রোডে বাগগাঁও ডালারপাড় সড়কের পাশে ঘাস খাওয়ার সময় বাগগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুস সালামের ১টি ও সিরাজপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল মিয়ার ১টি ছাগল ও বাগগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে আরব আলীর ১টি গরুর বাছুর সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় লোকজনের চিৎকারে চোরেরা অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়। গরু ও ছাগলকে এসময় গাড়ি থেকে ফেলে দেয় তারা। এলাকার লোকজন ৭/৮ টি মোটর সাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করলে বাঘমারা ললিয়াপুর রোডে সিএনজি ফেলে রেখে পালিয়ে যায় চোরেরা। স্থানীয় লোকজন সিএনজি উদ্ধার করে বাদাঘাট (দ) ইউপি কার্যালয়ে নিয়ে আসেন।
উদ্ধারকর্মী মধুপুর গ্রামের জিয়াউল হক জানান, ‘নাম্বার বিহীন নতুন একটি সিএনজি গাড়ি নিয়ে ড্রাইভারসহ মোট ৪জন লোক গাড়িতে করে ছাগল ও বাছুর নিয়ে যাওয়ার সময় লোকজনের চিৎকারে গাড়ি থামানোর চেষ্টা করলে অস্ত্রের মুখে আমাদের ভয় দেখিয়ে পালিয়ে যায় তারা।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে জানান, ‘কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


