পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় একটি মৎস্য খামারের ২ বছর বয়সী ১৩৩টি আকাশি জাতের গাছ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছেন মৎস্য খামারের মালিক গোলাম মোস্তফা। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানায় অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ কেদার জমিতে প্রতিষ্ঠিত মৎস্য খামারের দক্ষিণ পাড়ে ২ বছর আগে লাগানো একই সারির ১৩৩টি আকাশি জাতের উঠতি বয়সী গাছের আগা ভেঙ্গে ফেলেছে
দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন খামারের মালিক গোলাম মোস্তফা শত্রুমর্দন (বাঘেরকোনা) গ্রামের মৃত মনোহর আলীর ছেলে। তিনি বলেন, ‘বিষয়টি সত্যিই স্পর্শ কাতর। আমার সাথে কারো ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে। তাই বলে গাছ তো কোনো অপরাধ করেনি? থানায় মামলা করেছি। পুলিশই আইনানুগ ব্যবস্থা নিবেন।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমীন বলেন,‘ মোস্তফা নামের একজন এসে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন। এখনও লিখিত কোনো অভিযোগ পাই নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


