বিশেষ প্রতিনিধি
নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নিরীহ যুবক পবিত্র ভুষণ তালুকদার যিশু (৩২) কে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক উপজেলা যুবলীগের সদস্য যুবায়ের আহমদসহ ৬ যুবক যিশুকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে মারধর করেছে। এ ঘটনায় সোমবার রাতে বিশ্বম্ভরপুর থানায় যুবায়ের আহমদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য দুজনের পরিচয় না পাওয়ায় নামোল্লেখ করা হয়নি। সোমবার দুপুরে নোয়াগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশে এই অমানবিক ঘটনা ঘটানো হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন যিশুকে উদ্ধার করে।
অভিযুক্ত যুবায়ের গ্রামের বাড়ি একই এলাকার শাহপুর গ্রামে। যুবায়েরের সাথে শাহপুর গ্রামের শেখ রাসেল মিয়া, ইয়াহিয়া, সাহাব উদ্দিনসহ আরো ২ যুবক সহযোগিতা করে। এ ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয় নিরীহদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
নির্যাতনের শিকার যিশু বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০ টায় ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের পাশের চায়ের দোকানের সামনের রাস্তায় আমাকে ডেকে নেয় উপজেলা যুবলীগ নেতা যুবায়ের আহমদ ও রাসেল। পরে যুবায়ের বলে, ‘তুই বেশী বাড়ছত, তরে কোপাইয়া টুকরা কইরা গাঙও ভাসাইয়া দিমু।’ যিশু জানান, এসময় তার মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় যুবায়ের। পরে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরদিকে রেন্টিগাছের সাথে দুই হাত পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে বেদম মারধর শুরু করে। যিশুর আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এঘটনায় রাতে উপজেলা যুবলীগের সদস্য যুবায়ের আহমদ, শাহপুর গ্রামের শেখ রাসেল মিয়া, ইয়াহিয়া, সাহাব উদ্দিনসহ আরো ২ যুবককে অভিযুক্ত করে থানায় মামলা করেন পবিত্র ভূষণ তালুকদার যিশু।
অভিযুক্ত যুবায়ের আহমদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে প্রথমে বলেন, ‘যিশু লোক ভাল না, পিরিজপুর গ্রামের রাবেল নামের একজন যিশুর কাছে ১ লাখ টাকা পেত। সে রাবেলকে মারধর করেছে। এঘটনায় আমি নিজে বিচার করেছি। সোমবার তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ঠিক, আমি দেখেছি।’ কথা বলার এক পর্যায়ে স্বীকার করে বলেন, ‘আমি যিশুকে বেঁধেছি। সে রাসেলের পকেট থেকে টাকা নিয়েছিল। তাই গাছের সাথে বেঁধে রেখেছি। আমি মারধর করিনি।’
বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক তুহিন বলেন, ‘ঘটনাটি খুবই অমানবিক। আমি লোখমুখে শুনেছি। বিষয়টি জানার জন্য যুবায়েরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনা যদি সঠিক হয়, তাকে দল থেকে বহিস্কার করা হবে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের কোন নেতাকর্মী এভাবে কাউকে গাছের সাথে বেঁধে নির্যাতন করতে পারে না। ঘটনাটি ছাত্রলীগের জন্য খুবই লজ্জাজনক। এ ধরণের কোন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, ‘নোয়াগাঁও গ্রামে এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ৪ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ আসামীদের গ্রেফতার করার চেষ্টা করছে।’
- বদরুলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল-প্রেম সংক্রান্ত তথ্যের সত্যতা পায়নি পুলিশ
- দুঃখে যাদের জীবন গড়া-ঝুঁপড়ি ঘরের পাঁচ প্রতিবন্ধীর কান্না


