গুলশান হামলায় উস্কানিদাতারা শনাক্ত: ডিএমপি কমিশনার

সু.খবর ডেস্ক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় যারা উস্কানি দিয়েছেন তাদের শনাক্ত করা হয়েছে। যেকোন সময় তাদের ধরা হবে।’রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে তার তথ্য পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি অচিরেই তাদের আইনের আওতায় আনতে পারব।’
তিনি জানান, জনগণের নিরাপত্তার জন্য যা করা দরকার তাই করা হবে। ইতোমধ্যে রাজধানীতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিদের মূলোৎপাটন করা হবে।
এ সময় বাড়িভাড়া দেওয়ার বিষয়ে বাড়ির মালিকদের সর্তক হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘প্রতিটি বাসায় ডিএমপির তথ্য ফরম পাঠানো হয়েছে। নিজেদের স্বার্থেই এটা পূরণ করে থানায় জমা দিতে হবে।’
‘জনস্বার্থবিরোধীদের মূলোৎপাটন করা হবে’ বলেও এসময় মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
গত ১ জুলাই গুলশানের ‘হলি আর্টিজানে’ হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে নিহত হন ৫ হামলাকারীসহ ছয় জন। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় ১৩ জনকে।
সিরিয়া ও ইরাকভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) গুলশান হামলার দায় স্বীকার করেছে বলে খবর এলেও বাংলাদেশের পুলিশ বলছে, জেএমবি ও সমমনা দেশীয় জঙ্গিরাই রয়েছে ওই হামলার পেছনে।