গোলটেবিল আলোচনা মাতৃমৃত্যু, মা-শিশুর পুষ্টিহীনতার মূলে বাল্যবিবাহ

মাতৃমৃত্যু, মা ও শিশুর পুষ্টিহীনতার মূলে রয়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ বন্ধ করতে পারলে এসব সমস্যা কমবে। এ জন্য বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারীর শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমাজের সর্বস্তরে এখন বাল্যবিয়ের কুফল সম্পর্কে  মানুষ সচেতন হচ্ছে। এটা আরও বাড়াতে হবে।
সুনামগঞ্জে         
গতকাল সোমবার ‘কিশোরী মাতৃত্ব ও পুষ্টি’ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ এই আলোচনার আয়োজন করে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় মূল বক্তব্য তুলে ধরেন কেয়ারের কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, কেয়ারের  জাতীয় পুষ্টি কার্যক্রমের সমন্বয়কারী শেখ শাহেদ রহমান, কেয়ারের স্বাস্থ্য কার্যক্রমের সমন্বয়কারী আহসানুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এহসান চৌধুরী, ইউপি সদস্য রেহেনা পারভীন, শিক্ষক রিপা আক্তার প্রমুখ।