আকরাম উদ্দিন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গ্রামে গ্রামে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা কেউ দলীয় পরিচয়ে, কেউ বিগত নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার দাবি করে, কেউ উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ভোটাররাও সম্ভাব্য এই প্রার্থীদের এসব তৎপরতা পর্যবেক্ষণ করছেন। তাঁদের প্রত্যাশা, মনোনয়নপ্রত্যাশীদের চাপ যতই থাকুক না কেন, বড় দুটি দল সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিদের প্রতি সমর্থন দেবে।
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সম্ভাব্য বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মো. ফুল মিয়া। এছাড়াও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করছেন সামছুল হক। স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণায় আছেন শহীদুল ইসলাম, নুরুজ আলী, রেজাউল করীম আমজদ। জাতীয় পার্টির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. সারোয়ার আহমেদ দীর্ঘ ৩ মাস ধরে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সারোয়ার আহমেদ বলেন, আমি প্রথম পর্যায়ে ৯ ওয়ার্ডে প্রচারণা শেষ করেছি। এবার অনেক আগে থেকে প্রচারণার মাধ্যম হিসাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার টাঙ্গিয়ে দিয়েছি। ইউনিয়নের বিভিন্ন গ্রামে সভা করে যাচ্ছি।
জাতীয় পার্টির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী বলেন, আমি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। ৩ মাস আগে থেকে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ৫টি ওয়ার্ডে প্রচারণা শেষ করেছি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৪টি ওয়ার্ডে প্রথম পর্যায়ের প্রচারণা শেষ করব।
সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণায় আছেন শহীদুল ইসলাম। তিনি বলেন, আমি এবার আগে থেকে প্রচারণায় মাঠে নেমেছি। আমি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।
স্থানীয় ভোটার শাহনুর আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হবেন, তাঁরা আগে থেকে এলাকায় প্রচারণা শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়েও দোয়া চাচ্ছেন। স্থানীয় দোকানপাটে বেশ আলোচনা শুরু হয়েছে। এবার প্রার্থী যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা সহজ হবে।
গৌরারং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, আমি বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করেছি। এবারও নির্বাচিত হলে ইউনিয়নের অবশিষ্ট উন্নয়ন কাজ শেষ করব।
- ভারত, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য সদস্যদের কাছ থেকে ছাড়ের প্রস্তাব ট্রিপসের
- দলীয় মেয়র প্রার্থীর পক্ষে শ্রমিক লীগের প্রচারণা


