স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রতনশ্রী মৌজার ভূমি উন্নয়ন কর ও জরীপ কার্যক্রম সদর উপজেলার অধীনে রাখার দাবিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা যুগ যুগ ধরে সদর উপজেলার অধীনে ভূমি উন্নয়ন কর ও ভূমি সংক্রান্ত সকল প্রকার কার্যক্রম সহজে চালিয়ে আসছি।’ এই মৌজার কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বম্ভরপুর উপজেলায় স্থানান্তর করার সিদ্ধান্ত বাতিল করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তাঁরা। পরে স্বস্থানে কার্যক্রম বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফুল মিয়া, আ.লীগ নেতা হোসেন আলী, বিএনপি নেতা হাজী আকুল আলী, মনিরুল ইসলাম মনির, বর্তমান মেম্বার মমিন মিয়া, সাবেক মেম্বার হারুন মিয়া, জাপা নেতা হাবিবুর রহমান, যুবলীগ নেতা আয়ুব আলী প্রমুখ।


