সু.খবর ডেস্ক
গ্যাস-বিদ্যুতের দাম ফের বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে সরকারকে এ অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা জানান।
তিনি বলেন, ‘অবৈধ এ সরকার দুর্নীতি ও লুটপাটের মধ্যদিয়ে সকল সেক্টর ধ্বংসের পর আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তারপরও এই মুল্যবৃদ্ধি করা হচ্ছে সরকারের দুর্নীতির ব্যপ্তি আরো বৃদ্ধি করার জন্য।’
রিভজী বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবন যাত্রার ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে জনগণকে অতুল গহ্বরে ঠেলে দেওয়া হবে। মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে এবং মানুষের দৈনন্দিন জীবযাপন আরও কষ্টকর হয়ে পড়বে। কৃষি ও শিল্প উৎপাদনেও ব্যাপক প্রভাব পড়বে।’
তিনি বলেন, ‘আমি দলের পক্ষ থেকে অবিলম্বে সরকারের এ ধরনের গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। অন্যথায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’
‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নাশকতার আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করায় নিন্দা জানান বিএনপির এই নেতা।
এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘ভোটারবিহীন প্রধানমন্ত্রী একতরফা প্রভুত্ব করার উদ্দেশ্যেই প্রতিবাদী কণ্ঠস্বর মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রেখেছে।’
রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় উসকানির অভিযোগে ২০১৩ সালের এপ্রিলে গ্রেফতার মাহমুদুরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বিএনপি এই নেতা।
সরকার ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ’ করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘দেশে মনে হয়, সব সময়ের জন্য একটি সান্ধ্য আইন জারি করে রাখা হয়েছে। মানুষের কণ্ঠস্বরকে নির্বাক করার জন্য এই বেআইনি নিষ্ঠুর দমনমূলক সান্ধ্যা আইন জারি করা হয়েছে। পুলিশ ও র্যাব এখন বাংলাদেশে হত্যাবিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ সংবাদ উপস্থিত ছিলেন।
- পনাতীর্থ বারুণীস্নান ও প্রশাসনের কাগুঁজে সিদ্ধান্ত
- তাহিরপুর সীমান্তে ভারতীয় তিন কিশোর আটক পতাকা বৈঠকে ফেরত


