গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ব্যাহত হবে উন্নয়ন

বিপুল জনঅধ্যুষিত দেশে যখন বিপুল বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন, তখন দেখা যাচ্ছে সেই স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা। প্রধানমন্ত্রী স্বয়ং যখন বলছেন, দেশের মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় তিনি তা করতে দৃঢ়প্রতিজ্ঞ, তখন তার সেই ইচ্ছাকে ভূলুণ্ঠিত করার আয়োজনে ব্যস্ত কেউ কেউ। তারা এমন কর্মকাণ্ডে জড়িত যে তা সরাসরি প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতির বিপরীতে পরিচালিত পদক্ষেপ বলে প্রমাণ হচ্ছে।
ক্রমবর্ধমান গ্যাস-বিদ্যুৎ সংকটে যখন জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা ও সাহসী পদক্ষেপে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেন। দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে ক্যাপটিভ পাওয়ার পান্টে (শিল্প কারখানায় স্থাপিত বিদ্যুৎ উৎপাদন জেনারেটর) গ্যাস সংযোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের দিকনির্দেশনা দেন। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন বজায় রাখে। অবদান রাখে দেশের অর্থনীতি গতিশীল ও সচল রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানে। উন্নয়নের এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী দেশে শিল্প বিপ্লব ঘটাতে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা ভেস্তে যাবে ক্যাপটিভ পান্ট নিয়ে ষড়যন্ত্রমূলক পদক্ষেপের কারণে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানো হয় ক্যাপাটিভ পান্টে প্রতি ঘন মিটার ৪ টাকা ১৮ পয়সা থেকে ৮ টাকা ৩৬ পয়সা। এবার সে দর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে- ৮.৩৬ থেকে ১৯.২৬ টাকা অর্থাৎ ১৩০ শতাংশ বৃদ্ধির। পাশাপাশি গৃহস্থালিতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ, সার, শিল্প, বাণিজ্যিক, সিএনজি সব ক্ষেত্রে সর্বোচ্চ ৬২ থেকে ১৪০ শতাংশ মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কোনো সন্দেহ নেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি জনজীবনের সর্বস্তরে মূল্যস্ফীতি ঘটিয়ে বিপর্যস্ত, অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দেবে।
এমনিতেই গ্যাস- বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চালু কল-কারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। চট্টগ্রামে শতাধিক কল-কারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদন ব্যাহত হচ্ছে শত শত কারখানার। তার ওপর যদি ক্যাপটিভ প্লান্টগুলোর গ্যাসের মূল্য ১৩০ শতাংশ বাড়ানো হয় তাহলে ক্যাপটিভ পাওয়ারভিত্তিক শিল্প কারখানাগুলো ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের জ্বালানি বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা এবং সুশীল সমাজের মানুষেরা কোনো যৌক্তিক কারণ ছাড়াই গ্যাস-বিদ্যুতের মূল্য বাড়ানোর এই প্রস্তাবকে বাংলাদেশের বিকাশমান শিল্প কারখানা ধ্বংসের সুগভীর ষড়যন্ত্র হিসেবেই বিবেচনা করছেন। আত্মঘাতী এ ধরনের প্রস্তাবকে তারা দেশের উন্নয়ন ও অর্থনীতির গলাটিপে ধরার সমতুল্য বলে মনে করেন।
দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সচেতন সমাজ গণবিরোধী এই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবে শঙ্কিত এবং আতঙ্কিত। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর উন্নয়নের দর্শনের বিপরীতমুখী এ ধরনের প্রস্তাব ও তৎপরতার নেপথ্যের ষড়যন্ত্রকারী মহলটির অসাধু অভিপ্রায়কে দেশ ও জনসাধারণের বৃহত্তর স্বার্থে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।