দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ্রামীণ সড়ক উন্নয়নে ৩ হাজার ৬৮৪ কোটি টাকার একটি বিশাল প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান করতে গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু, কালভার্ট নির্মাণ করতে ওই প্রকল্পটি অনুমোদনের আয়োজন চলছে। উল্লিখিত মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে বলেছেন, দেশের ৬৪ জেলার ৪৮৯ উপজেলার গ্রামীণ রাস্তায় প্রয়োজন অনুযায়ী সেতু-কালভার্ট না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসল উৎপাদন ব্যাহত হয়। বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যাসহ দুর্যোগের ঝুঁকি বাড়ে। সেতু-কালভার্ট না থাকার কারণে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষ ও গবাদি পশু দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে মাটির রাস্তার মোট ১ লাখ ২৯ হাজার ৯২৪ মিটার (১২ হাজার ৯৯৩টি) সেতু-কালভার্ট নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
অবকাঠামো উন্নয়নসহ নানা উন্নয়নের পরিকল্পনা সরকার নেবে এবং সেগুলো বাস্তবায়ন করবে, এটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের উন্নয়ন সাধিত হয়, আখেরে এসব উন্নয়নের সুফল ভোগ করে দেশের মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩ হাজার ৬৮৪ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে যেসব যুক্তি দেখিয়েছে, এর সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। পল্লী অঞ্চলের উন্নয়নের জন্য অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য এবং এটি দেশের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সে হিসেবে উল্লিখিত মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে সে ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এরপরও এরূপ একটি উপযোগী প্রকল্প গ্রহণের জন্য যে সময়টা বেছে নেওয়া হয়েছে, তা নিয়ে অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে। যে প্রেক্ষাপটে উল্লিখিত প্রকল্প নেওয়া হচ্ছে, সেই প্রেক্ষাপট রাতারাতি তৈরি হয়নি যে রাতারাতি সমাধানের জন্য তাড়াহুড়ো করে একটি প্রকল্প নেওয়ার দরকার হয়ে পড়েছে। এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হতে যাচ্ছে। এতে সরকারি দলও অংশগ্রহণ করছে। সরকারের এরূপ উন্নয়নমূলক কর্মসূচির কথা সরকারদলীয় মনোনীত প্রার্থীরা তাদের ভোটের প্রচারণায় ব্যবহারের সুযোগ নিতে পারেন। অন্যদিকে যে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে তা ভোট প্রাপ্তির বিবেচনায়ও ব্যবহার করা হতে পারে। এতে স্থানীয়ভাবে কিছু কিছু এলাকা অতিরিক্ত সুবিধা পেতে পারে, আবার কিছু কিছু এলাকা বঞ্চিত হতে পারে। এর ফলে দেশের জনগণের প্রতি সরকারের সমতার নীতি যথাযথভাবে প্রযুক্ত না হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, প্রকল্পের অর্থ ছাড় এবং বাস্তবায়নের কাজ শুরু হতে সময় লাগবে। ততদিনে নির্বাচন শেষ হয়ে যাবে। ফলে এ প্রকল্প নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু সরকারি এ বক্তব্যের সঙ্গে বাংলাদেশের নির্বাচন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা মোটেও একমত নন। তারা মনে করেন, সরকারের এ ধরনের প্রকল্প গ্রহণকে সরকারি দল আসন্ন নির্বাচনে পুঁজি হিসেবে ব্যবহার করবে। এ প্রেক্ষাপটে আমরা মনে করি, উল্লিখিত প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশনের কাছেও আমরা দাবি জানাই, তারা এই প্রকল্প বাস্তবায়ন থেকে আপাতত বিরত থাকতে সরকারকে যেন অনুরোধ জানায়। তা ছাড়াও আমরা আশা করি, মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণায় এই প্রকল্পের নাম ভাঙানো হচ্ছে কি না, সেটা তারা যথাযথভাবে তদারক করবেন।
- চেয়ারম্যান প্রার্থী নিয়ে ছাতকে রাজনৈতিক দ্বন্দ্ব কিছু পরিবর্তন চান দুই পক্ষই
- ইউপি নির্বাচন জেলা প্রশাসককেও মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

