আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের সংঘর্ষের ঘটনায় হাফিজ উদ্দিন গ্রুপের ৫০ পরিবারকে গ্রামে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব ও থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর নোয়ানগর গ্রামে গিয়ে ঘোষণা দেন গ্রাম থেকে ছেড়ে যাওয়া পরিবারগুলো যেন দ্রুত গ্রামে ফিরে আসেন। পাশাপাশি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তারা উভয় পক্ষের তিনজন করে লোককে প্রশাসনের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
এ সময় গ্রাম ছেড়ে যাওয়াদের পক্ষে হাফিজ উদ্দিন গ্রুপের হাফিজ উদ্দিন, আজগর আলী ও ফখর উদ্দিন প্রশাসনের সম্মুখে আসেন।
আলী আকবর গ্রুপের পক্ষের আলী আকবর, ছয়ফুল মিয়া ও জয়নাল আবেদীনকে আসার জন্য বলা হয়। কিন্তু সেখানে শুধুমাত্র জয়নাল আবেদীন আসেন। আহ্বান করা সত্বেও ছয়ফুল ও আলী আকবর না আসাতে আলী আকবর গ্রুপের জয়নাল আবেদীন (৫০),খেলু মিয়া (৭৫), মরিয়ম বেগম (২০), মনিরা বেগম (২৪) ও রাইতুন বেগম (৩০) সহ ৫জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। হাফিজ উদ্দিন গ্রুপের ৩ জনের সবাই ঘটনাস্থলে আসার কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদককে ফোনে জানিয়েছেন, গ্রাম ছেড়ে যাওয়া ৫০ পরিবারের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় ২০ পরিবার নোয়ানগর গ্রামে ফিরেছে। বাকী ৩০ পরিবারকেও আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার বলেন,‘নোয়ানগর গ্রাম ছেড়ে যাওয়া পরিবারগুলোকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন,‘গ্রাম ছেড়ে যাওয়া সকল পরিবারকে নোয়ানগর গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য গত শনিবার নোয়ানগর গ্রামের আকবর আলী ও হাফিজ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪০ ব্যক্তি আহত হয়েছিল। প্রতিপক্ষের ভয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল ৫০ পরিবার।


