স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৮ জেলার অনুর্দ্ধ-১৮ যুব ফুটবল দল নিয়ে সুনামগঞ্জে জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনিবাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি বদরুল আলম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, ডিএএফ কোষাধ্যক্ষ ইকবাল বখত সুমন, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাকের, সহ সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা জেলা ও ব্রাহ্মনবাড়িয়া জেলার অনুর্দ্ধ-১৮ দল। উদ্বোধনী খেলায় কুমিল্লা জেলা ১ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হারায়। পরে বিকেল সাড়ে চারটার অপর খেলায় অংশ নিয়ে সুনামগঞ্জ অনুর্দ্ধ-১৮ ও নরসিংদী অনুর্দ্ধ-১৮ দল। খেলায় ৩ -২ গোলে নরসিংদী জেলা দলকে হারায় স্বাগতিক সুনামগঞ্জ জেলা দল। এছাড়া প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাকি দলগুলো হলো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চাঁদপুর। আগামী ১৮মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা বদরুল আলম টুটুল ও র্কাযনিবাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, বাংলাদেশের তৃণমূল থেকে ফুটবল খেলোয়ার খুঁজে নেওয়ার উদ্দ্যেশেই মুলত এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


