স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের উজানীগাও গ্রামে জা কর্তৃক প্রবাসীর স্ত্রী-সন্তানকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও বন্দীদশা থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে রক্তিনা বেগম নামের এক নারী। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপণির ২য় তলা এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রক্তিনা বেগমের ভাসুর আক্রম আলী, মখদ্দুছ আলী, ননদী জোসনা বেগম ও সেনোয়ারা বেগম। ওই নারী তার জা কর্তৃক একটি তালাবদ্ধ কক্ষে মানবেতরভাবে বসবাস করতে বাধ্য হচ্ছেন জানিয়ে বলেন, ঘরের জানালা দিয়ে আমরা বাইরে বের হই। আজও এভাবেই এসেছি।
লিখিত বক্তব্যে রক্তিনা বেগম বলেন, আমার জার শারিরীক ও মানসিক নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানী ও বন্দিদশা থেকে আমরা মুক্তি চাই। আমার জা দীর্ঘ ১বছর যাবৎ আমার বসতঘরের মূল গেইট বন্ধ করে রাখায় আমি একটি ছোট্ট কক্ষে মানবেতর জীবন যাপন করছি। আমার ঘরের বিদ্যুৎ সংযোগ, বাথরুমের পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। যে কোন মূল্যে আমাকে ঘর থেকে বিতাড়িত করার পায়তারা করছে। এমনকি আমার শিশু পুত্রসহ আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমার স্বামী প্রবাসে থাকায় তথাকথিত এক সাংবাদিকের প্ররোচনায় অমানবিক কার্যক্রম করে চলছে। বার বার প্রশাসনের কাছে গিয়ে আইনী সহায়তা চেয়েও পাই নি।
তিনি আরও বলেন, আমার ৫ বছরের এক পুত্র সন্তান নিয়ে বন্দি মানবেতর জীবন যাপন করছি। আমার স্বামী রবিউল আওয়াল দীর্ঘ দিন যাবৎ প্রবাসে চাকুরী করছেন। আমার স্বামী ও ভাসুর দু’জন মিলে তাদের উপার্জিত অর্থ দিয়ে পিতার সম্পত্তিতে দুই অংশে বিভক্ত একটি পাকা দালান তৈরী করেন। বিগত ৬/৭ বছর যাবৎ ঐ বিল্ডিংয়ে আমি ও আমার জা পপি বেগম পৃথকভাবে বসবাস করছি। গত ১ বছর পুর্বে আমার স্বামী পপি বেগমের নামে টাকা পাঠানো বন্ধ করে দিলে আমার প্রতি আক্রোশ্বান্বিত হয়ে উঠেন তিনি। এক পর্যায়ে আমাকে আমার শিশুপুত্রসহ বাড়ী থেকে বের করে দেন। ২/৩ মাস আমার মামার বাড়ীতে থাকার পর স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার পঞ্চায়েতের মাধ্যমে আমাকে আমার স্বামীর গৃহে থাকার ব্যবস্থা করে দেন। পারিবারিক কলহের জের ধরে আবার আমাকে আমার বসতঘর থেকে পুত্রসন্তানসহ জোরপূর্বক তাড়িয়ে দেয়ার পায়তারা শুরু করেন। আমি যাতে বাড়ী থেকে বের হতে না পারি সেজন্য সামনের বারান্দার রোম এবং রান্নাঘর তালাবদ্ধ করে বিদ্যুতের লাইন, বাথরুমের পাইপ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ বিষয়ে প্রতিবাদ করলে আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে এবং ঘর থেকে বের হয়ে না গেলে প্রাণে হত্যা করার হুমকি দেয়। বর্তমানে আমি আমার একটি রুমে তালাবদ্ধ অবস্থায় দিন কাটাই। অতি কষ্টে একটি জানালা দিয়ে বাইরে আসা যাওয়া করতে হয়। পায়খানা-প¯্রাব প্রতিবেশীর বাড়ীতে গিয়ে সারতে হয়। আশপাশের আত্মীয় স্বজন এ বিষয়ে কথা বলতে গেলে তাদের উপর মিথ্যা মামলা ও মেয়ে দিয়ে ফাঁসানোর হুমকি দেয়া হয়। বিষয়টির সমাধানের জন্য দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েও কোন সুরহা করতে পারেনি। পুলিশ আন্তরিক হলে আমরা বন্দিদশা থেকে মুক্তি হতে পারতাম কিন্তু আমার জার দাপটের কাছে মানবতা ভুলন্টিত হচ্ছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয়ের সুপারিশক্রমে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে অবহতি করলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। আমি একজন অসহায় নারী। সমাজের ও রাষ্ট্রের কাছে সাহায্য চাই এবং বন্দি জীবন থেকে মুক্ত হতে চাই।


