স্টাফ রিপোর্টার
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। এ কারণে সুনামগঞ্জের ১১ উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। সব কয়টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সারাদেশে এর ফলে ভারী বৃষ্টিপাত ও ঝড় হতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঘুর্ণিঝড় হওয়ার আশংকার কথাও বলা হয়েছে। বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের ১১ উপজেলায় বন্যার আশংকাও করা হচ্ছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জের হাওর ইতিমধ্যে ঘুর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতে টইটুম্বুর। রোয়ানু ধেয়ে আসলে এ অবস্থা আরো নাজুক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত ৮টায় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে টেলিকনফারেন্সে কথা বলেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ।
টেলিকনফারেন্সে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করে তাদের মতামত তোলে ধরেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় মোকাবেলায় সবধরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
টেলি কনফারেন্সে উপজেলা পর্যায়ে সভা অনুষ্ঠানসহ একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও প্রস্তুতিমূলক সভা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ।
প্রস্তুতির অংশ হিসেবে তিনি সকল উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার জন্য বলেন। তাছাড়া এনজিও এবং রেড ক্রিসেন্টের সাথে এ বিষয়ে আলোচনাসহ অন্যান্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ বলেন,‘জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার সকাল থেকে কন্ট্রোলরুম (০৮৭১-৬১৩৭৫) খোলা হয়েছে’।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘আজ শনিবার সকাল ১০ টায় দুর্যোগ প্রস্তুতি সভা ডাকা হয়েছে। স্কুল-কলেজে আশ্রয় কেন্দ্র খোলার জন্য প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের শুক্রবার সকালেই নির্দেশ দেওয়া হয়েছে’।


