আবু হানিফ চৌধুরী, দিরাই
বর্ষিয়ান রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টায় আনোয়ারপুরের বাড়ীর উত্তর পাশে নির্মিত চুলোর পাশে নিয়ে আসা হয় সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহ। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭ টায় সুরঞ্জিত সেন গুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেন গুপ্ত বাবার মরদেহে মুখাগ্নি করেন। ১৫ বছর আগে নিজের লাগানো চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হচ্ছে তাঁর মরদেহ। এসময় বাড়ীতে উপস্থিত হাজারো নেতা-কর্মী কান্নায় ভেঙে পড়েন। এর আগে বাড়ীর পাশের বালুর মাঠে দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুরঞ্জিত সেন গুপ্তের ভক্ত-সমর্থক এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের কালেক্টরেটের স্মৃতিসৌধ চত্বরে সর্বস্তরের মানুষ সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা আড়াই টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত শাল্লা উপজেলা সদরের শাহিদা উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত’র মরদেহ পৌঁছায় এবং ওখানে শাল্লার সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ পুলিশ লাইনস মাঠে হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে আসেন সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, হুইপ শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছাত্র লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।
দুপুর ১ টায় ৮ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও আ.লীগের উপদেষ্টামন্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জ কালেক্টরেটের সামনের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে পৌঁছালে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এখানে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, প্রয়াত রাজনীতিকের ছেলে সৌমেন সেন গুপ্ত। এসময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঞ্চে ছিলেন।
বিকাল ৪ টায় মরদেহ শাল্লা উপজেলা সদর থেকে দিরাই হ্যালিপেড মাঠে এসে পৌঁছায়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় দিরাই শহরের মধ্য বাজারের জগন্নাথ জিউড় আখড়ায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় আনোয়ারপুরের পৈত্রিক ভিটায়। ওখানে আরেক দফা গার্ড অব অনার প্রদর্শন করে বাড়ীর পাশের বালুর মাঠে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এখানে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীসহ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। এখানে শোকার্ত মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ, মুহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।


