চলতি নদীতে বালু উত্তোলনের সীমানা নির্ধারণ করা হয়েছে

স্টাফ রিপোর্টার
চলতি নদীর ডলুরা এলাকায় বালু উত্তোলনের জন্য বারকী শ্রমিকদের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে ইজারাকৃত ধোপাজান বালু পাথর মহালের সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণ কালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম,  পুলিশ সুপার মো. বরকত উল্লাাহ্ খান, বিজিবি’র ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি), সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম ইসরাত জাহান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার বেগম তানিয়া সুলতানা, আরডিসি অঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি),  বেগম সোনিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বারকী শ্রমিক সংঘের সভাপতি নাছির উদ্দিন বলেন,‘জিরো পয়েন্ট থেকে ৩০০ গজ ভেতরে পূর্ব দিকে দুটি, মাঝখানে অনুমান করে ৩০০ গজ ভেতরে একটি এবং পশ্চিম দিকে ৩০০ গজ ভেতরে আরেকটি পিলার দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।’ নাছির উদ্দিন জানান, সীমানা জটিলতার কারণে গত প্রায় এক মাস হয় শ্রমিকদের বালু উত্তোলনে সমস্যা হচ্ছিল। শনিবার সীমানা নির্ধারণ করে দেওয়ায় এই জটিলতার অবসান হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘চলতি নদীতে বালু উত্তোলন করে হাজার হাজার মানুষ জীবীকা নির্বাহ করেন। সীমানা জটিলতায় শ্রমিকদের কাজ করতে সমস্যা হচ্ছিল। বিষয়টি শ্রমিকরা আমাকে জানানোয় আমি প্রশাসনের সকল পক্ষের সঙ্গে কথা বলেছি এবং শনিবার এই সমস্যার সমাধান হয়েছে।’