স্টাফ রিপোর্টার
ডলুরা সীমান্তে বালু-পাথর উত্তোলন করার সময় শ্রমিকদের ৩০-৩৫ টি বারকী নৌকা বিজিবি সদস্যরা ভাংচুর করে ডুবিয়ে দেওয়ার অভিযোগ করেছেন বারকী শ্রমিকরা। শনিবার সকাল ১১ টায় এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন শ্রমিকরা। অন্যদিকে, বিজিবি’র পক্ষ থেকে বলা হয়েছে এসব অভিযোগ মোটেও সত্য নয়। কিছু শ্রমিক বারকী নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমানায় প্রবেশ করে বালু-পাথর উত্তোলন করতে চায়। এদের বাধা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা বারকী শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়া বলেন,‘শনিবার সকালে ডলুরা পার্শ্ববর্তী চলতি নদীতে বিজিবি’র সদস্যরা চিহ্নিত করে ফ্ল্যাগ টানিয়ে দেন, এর ভেতর থেকে বালু-পাথর উত্তোলন করতে হবে বলে জানিয়ে দেন। তারা ১০-১৫ ফুট পানির নিচ থেকেই বালু-পাথর উত্তোলন করেন। এরপর আবার সীমানা আরো ভেতরে আনা হয়। এরপর শ্রমিকরা বালু-পাথর উত্তোলন করতে থাকলে বিজিবি’র সদস্যরা জিনারপুরের শ্রমিক স্বপন মিয়া, সোনারপাড়ার শ্রমিক জসিম মিয়া, পুরাতন মথুর কান্দি’র রহমত আলী, সোনার পাড়া’র শওকত আলী, মাঝের টেকের ফরিদ মিয়া, সোনারপাড়ার কমর উদ্দিন, আরজত আলী, কাচু মিয়া,
আব্দুর রশিদ ও ইকবাল হোসেন, সৈয়দপুরের শফিকুল, মাঝেরটেকের আহমদ আলী ও আনোয়ার হোসেন, সহ ৩০-৩৫ জন শ্রমিকের বারকী লোহার শাবল ও কুড়াল দিয়ে ছিদ্র করে ডুবিয়ে দেয়।’ নাছির মিয়া জানালেন, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে আসলেও এই তথ্যের সত্যতা পাবেন।
বারকী শ্রমিক নাছির মিয়ার এমন অভিযোগ প্রসঙ্গে বিজিবি’র ৮ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন বলেন,‘এ ধরনের অভিযোগ মোটেও ঠিক নয়। বারকী শ্রমিকরা সীমানা অতিক্রম করে ভারতীয় সীমানার ভেতরে গিয়ে বালু-পাথর উত্তোলন করতে চায়। এ কারণে তাদের কয়েকটি বারকী নৌকা আটকও করা হয়। পরে রমজান মাস-হাওরে ফসলহানি ইত্যাদি বিষয় বিবেচনায় এনে বারকীগুলো ছাড়া হয়।’
বিজিবি অধিনায়কের বক্তব্যের বিষয়ে বারকী শ্রমিক সংঘের নেতা নাছির মিয়া’র কাছে জানতে চাইলে তিনি বলেন,‘আমরা সীমানা পিলারের ৮০০ গজ ভেতর থেকে বালু উত্তোলন করি। অথচ. স্থানীয় ফাঁড়ির বিজিবি জওয়ানরা আমাদের সামনেই ফোন দিয়ে কথা বলে উর্ধ্বতনদের ভুল বুঝায়। বাস্তবে তারা যে তথ্য অধিনায়ক সাহেবকে দেয়, এটি সত্য নয়।’
- চুনাপাথর ও বোল্ডার আমদানীতে সম্পূরক শুল্ক বৃদ্ধি- অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা
- সেমিফাইনালে বাংলাদেশ


