স্টাফ রিপোর্টার
সদর উপজেলার চলতি নদীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে বালু উত্তোলনে নিয়োজিত ২৫টি ‘বোমামেশিন’ ধ্বংস করা হয়েছে। এ সময় তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের চলতি নদীর ধোপাজান বালু মহালে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বোমামেশিন দিয়ে বালু উত্তোলনকালে ২৫টি বোমামেশিন জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া বোমামেশিন চালানোর জন্য জড়ো করে রাখা ১৫০টি ড্রাম জব্দ করা হয়েছে। অভিযানকালে সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার আদাং গ্রামের ফারুক আহমদ ও ডলুরা গ্রামের দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার মামুন খন্দকার জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এসব বোমামেশিন ধ্বংস ও তিনজনকে জরিমানা করা হয়েছে।


