চলতি নদীর বাম তীরের অপ্রয়োজনীয় বাঁধ, কাজ বন্ধের দাবিতে শহরে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার চলতি নদীর বাম-তীরে অপ্রয়োজনীয় বাঁধের নির্মাণ কাজ বন্ধের দাবিতে রোববার অক্ষয়নগর গ্রামবাসী শহরে মানববন্ধন করেছে। দুপুর ১২ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, ফারুক মিয়া, কৃষক মাসুক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কাইয়ারগাঁও-অক্ষয়নগর বাঁধে এই এলাকায় কোন ফসল রক্ষার কাজ করবে না। বরঞ্চ বৃষ্টি হলেই তাদের সকল রবি ফসল পানিতে ডুবে যাবে।
মানববন্ধন শেষে এই বাঁধের কাজ বন্ধের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। প্রসঙ্গত. সুরমার উত্তরপাড়ের বাম তীরে ১১ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রায় ৩ কোটি ব্যয়ে করা বাঁধের কাজ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। এলাকার কেউ কেউ বলেছেন, এটি বাঁধের কাজে না আসলেও বাঁধের টাকায় কাইয়ারগাঁও-অক্ষয়নগর সড়ক হবে। কেউ বলেছেন, চলতি নদীর বাম তীর উপচে জনবসতির ক্ষয়ক্ষতি রোধ হবে। কেউ বলেছেন, এখানে বোরো জমি কম থাকলেও প্রকল্পের কিছু জমি রক্ষা করবে। অক্ষয়নগরবাসী শুরু থেকেই বলেছেন, বাঁধটি যেদিকে হচ্ছে, সেদিকে বাঁধের কোন প্রয়োজন নেই। সড়কের জন্য এই কাজ করা হয়ে থাকলেও, এটি পরিকল্পিত হয় নি। তাঁদের দাবি এটি এলাকাবাসীর গলার কাঁটা হবে।