স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদে বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে থাকা ১০টি বোমামেশিন, ২টি ড্রেজার ও ১৩টি নৌকা জব্দ করা হয়েছে। এ ছাড়া নদ থেকে অবৈধভাবে উত্তোলন করে তীরে রাখা বেশ কিছু বালু-পাথরও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা,পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, চলতি নদের ধোপাজান বালু মহালটি নিয়ে আদালতে মামলা থাকায় গত তিন বছর ধরে ইজারা হচ্ছে না। বিভিন্ন সময়ে একটি মহল সেখান থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে থাকে। প্রশাসন খবর পেলেই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলের অভিযানে ১০টি বোমামেশিন জব্দ করে সেগুলো তাৎক্ষণিক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া আরও দুটি ড্রেজার ও ১৩টি নৌকা এবং নদের তীরে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালু ও পাথর জব্দ করা হয়েছে। জব্দ করা বালু-পাথর পরবর্তীতে প্রকাশ্যে নিলাম দেওয়া হবে।


