চলমান উন্নয়ন মেলার স্টলগুলোতে ডিজিটাল উন্নয়নের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। যে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করলেই এর প্রমাণ পাবেন। সুনামগঞ্জ উন্নয়ন মেলাও এর ব্যতিক্রম নয়। মেলার প্রবেশপথ থেকে ভিতরের সর্বত্রই ডিজিটাল কন্টেন্টের ছড়াছড়ি। চেম্বার অব কমার্স মেলাস্থলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের সচিত্র বিবরণ সম্বলিত ডিজিটাল ব্যানার দিয়ে সাজিয়ে রাখার পাশাপাশি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশালাকার প্রতিকৃতি স্থাপন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তদ্রুপ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্টলেও নিজেদের কার্যক্রম প্রদর্শনের মাধ্যম হিসেবে ডিজিটাল উপকরণাদির ব্যাপক ব্যবহার হচ্ছে। অনেক স্টলেই রয়েছে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় স্লাইড প্রদর্শনী। বিআরডিবিসহ বেশ কয়েকটি দপ্তর জেলায় নিজেদের কার্যক্রমের উপর ডিজিটাল কন্টেন্ট তৈরি করে প্রদর্শন করছে। এর পাশাপাশি সকলেই কেন্দ্রীয়ভাবে তৈরিকৃত সিডি প্রদর্শনের ব্যবস্থা রেখেছে। মোট কথা আওয়ামী লীগ যে ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমাতরোহণ করেছিলো উন্নয়ন মেলায় সেটি ফুটে উঠেছে ভালভাবে আমরা জনগণ একেবারে সহজ-সরলভাবে বুঝতে পারছে সরকার দেশের উন্নয়ন তথা মানুষের দারিদ্রতা হ্রাস ও ক্ষমতায়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য আমরা সরকারকে অভিনন্দন জানাই।
সনাতনী অফিস পরিচালনা পদ্ধতি যেখানে বড় বড় খাতাপত্র ও বহু মানুষের সংশ্রব থাকে সেখানে কাজের গতি থাকে কম। ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। মানুষের দ্বারা দুর্নীতি হওয়ার বিষয়টিও হয়ে উঠে প্রকট। এর প্রতিটি দিকের কুফল আজ সমাজদেহে স্পষ্ট। অন্যদিকে ডিজিটাল ব্যবস্থাপনায় যেখানে মানুষের হাত নেই সরাসরি সেখানে যেমন কাজের গতি হয় দ্রুত তেমনি ভুলের পরিমাণ নেই বললেই চলে আর দুর্নীতি কি জিনিস সেটি ডিজিটাল ফরম্যাট সম্ববত এখনও বুঝতে পারেনি। যেসব অফিসের ব্যবস্থাপনা ও সেবা অনলাইনে দেয়া হয়ে থাকে সেখানে সহজেই মানুষ সেবা পেয়ে থাকেন। ডিজিটাল সেবা পেয়ে মানুষ যারপরনেই খুশি। তারা সরকারের সবগুলো জায়গায় এমন অনলাইন সেবা পাওয়ার প্রত্যাশা করেন। অনলাইন সেবার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো মোবাইল ও ব্যাংক ব্যবস্থাপনা। এই দুই খাত শতভাগ (কিছু ক্ষেত্রে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যতিত) অনলাইনভিত্তিক সেবা দেয়া হয়ে থাকে। মানুষের প্রত্যাশা মোবাইল ও ব্যাংকিংয়ের মতো সরকারের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা যেমন-রেজিস্ট্রেশন, নামজারি-নাম-খারিজ, কর প্রদান, জরিপ; পাসপোর্ট ও আয়কর অফিসের সকল সেবা; পরিবহণের যাবতীয় সেবা ইত্যাদি অনলাইনে পরিচালনা করা হোক। সরকারের চূড়ান্ত লক্ষ্যও তাই। কিন্তু সরকারের সকল সেক্টরে সেবা ডিজিটালাইজেশনের গতি সমানভাবে গতিপ্রাপ্ত হয় না একটি কোটারি শক্তির কারণে। ওই শক্তিটি সেবা দানের মাধ্যমে ব্যাপক দুর্নীতিতে জড়িত। সেবা কার্যক্রম ডিজিটাল হয়ে গেলে ওই কোটারি শক্তির স্বার্থ বিঘিœত হবে। তাই তারা নানা কায়দায় ডিজিটাল অগ্রগতিতে বাধা তৈরি করে। আজ সময় এসেছে ওই অপশক্তিকে প্রতিহত করে পরিপূর্ণভাবে সরকারি-বেসরকারি সেবাকে ডিজিটাল ফরমাটে রূপান্তরের।
আজ দেশের সর্বত্র উন্নয়ন মেলা আয়োজনের ফলে সাধারণ মানুষ যেমন সরকারের উন্নয়ন কাজ সম্পর্কে ধারণা গ্রহণ করছে তেমনি তাদের মনে ডিজিটাল সেবা পাওয়ারও ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষের এই প্রত্যাশাকে গ্রহণ করা সরকারের অন্যতম দায়িত্ব। এবার উন্নয়ন মেলায় একটি শ্লোগান নির্ধারণ করা হয়েছে- উন্নয়ন গণতন্ত্র/শেখ হাসিনার মূলমন্ত্র। এই শ্লোগানকে কার্যকরী করতে তথা উন্নত বাংলাদেশ গঠনে ডিজিটাল বাংলাদেশের কোন বিকল্প নেই।

