চাঞ্চল্যকর বিশ্বজিৎ খুন মামলা সিআইডিতে স্থানান্তর

স্টাফ রিপোর্টার
শহরের হাছনগর এলাকায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশ্য দিবালোকে খুন হওয়া যুবক বিশ্বজিৎ চৌহানের মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
বিশ্বজিৎ চৌহানের বাবা বিশ্বরাম চৌহান (খোকা চৌহান) মঙ্গলবার মামলার অগ্রগতি জানার জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তা আশরাফুজ্জামানের সঙ্গে দেখা করেন। এসময় তাকে মামলাটি গুরুত্বের সঙ্গে সিআইডি দেখছে বলে আশ্বস্ত করা হয়েছে বলে জানান খোকা   
চৌহান। খোকা চৌহান বলেন,‘ঘটনার পর আতম তিমু, কালা মিয়া, মঈনুদ্দিন রিপন, আবুল হাসনাত শিহাব, সামছুজ্জামান ও হাসানের নামোল্লেখ করে আরো গং দিয়ে মামলা করেছিলাম আমি, এখন সিআইডিতে মামলা স্থানান্তর হয়েছে, তারা আমাকে আশ্বস্ত করেছেন মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে’।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন,‘চাঞ্চল্যকর মামলা পুলিশ হেড কোয়াটার থেকে আবার অনেক সময় সিআইডি হেড কোয়াটার থেকে অধিগ্রহণ করা হয়। এটিও সেভাবেই হয়তো হয়েছে। আমার জানা মতে ১৫ দিন আগে সিআইডিতে এই মামলা স্থানান্তর হয়েছে। আমার কাছে ৬-৭ দিন হয়েছে চিঠি এসেছে, আমিও থানায় চিঠি লিখেছি সকল কাগজপত্র হস্তান্তর করার জন্য। আজ-কালের মধ্যে পুলিশের তদন্তকারী কর্মকর্তা মামলার কাগজপত্র আমার কাছে হস্তান্তর করবেন’।