স্টাফ রিপোর্টার
‘আমার ধোয়া চামচ নিয়া তাইন তরকারি রানতা চাইছিলা। আমি কইছিলাম অকন খালী চামচটি ধুইয়া থুইছি। তোমার চামচ আইন্না তুমি রানধনা কেনে? ইতার লাগি গরম লোয়ার শিক (রড) দিয়ে আমারে মারছে। গরম শিক দিয়া আমার চউখ গালাইতে চাইছিলা। আমি চউখ মুজনে পারছইন না। দুই আত (হাত) ও গালও গরম শিক লাগাইছইন। ’
দুই হাত, বাম গাল ও ডান চোখের নিচে গরমে রডের ছ্যাকা দেখিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো জানাচ্ছিল সুনামগঞ্জ পৌর শহরের জলিলপুর গ্রামের পিতা-মাতাহীন ১২ বছরের এক কন্যা শিশু।
জলিলপুর গ্রামের ওই শিশু শনিবার সকাল ৮ টায় আপন চাচাতো ভাইয়ের স্ত্রী আকলিমা আক্তারের হাতে লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনকারী আকলিমা আক্তার একই গ্রামের বাবুল মিয়া মেয়ে।
কথা কাটাকাটির জের ধরে পিতা-মাতাহীন চাচা শ্বশুরের মেয়ে ১২ বছর বয়সী ননদকে গরম রড দিয়ে শরীরের ৪টি স্থানে ছ্যাকা দিয়েছে আকলিমা আক্তার। ডান হাত ও ডান চোখের নিচের চামড়া জ্বলে ক্ষতের সৃষ্টি হয়েছে।
পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে খবর পেয়ে ওই শিশুকে উদ্ধার করেন লালন-পালনকারী চাচা। পরে জেলা যুব মহিলা লীগের আহবায়ক ডিনা ডায়নার সহায়তায় ভাতিজিকে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় যান এবং পুলিশের সহায়তা চান চাচা।
এঘটনায় আহত ওই শিশুর চাচা বাদী হয়ে শনিবার রাতে নিজের পুত্রবধু আকলিমা আক্তারের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে আটক করার চেষ্টা করছে। সুনামগঞ্জ সদর
থানার ওসি মো. শহীদুল্লাহ আহত ওই শিশুকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
জানা যায়, আহত ওই শিশু চাচার পরিবারের সাথে বসবাস করেন। প্রতিদিনের ন্যায় সে শনিবার সকালে চাচার পরিবারের জন্য রান্না-বান্না করে। রান্না শেষে সকল হাড়ি-পাতিল ও চামচ ধুয়ে-মুছে পরিস্কার করে গুছিয়ে রাখে। পরে সকাল আটটায় তাদের চুলায় রান্না করতে আসেন চাচাতো ভাই আক্তার আলীর স্ত্রী ভাবী আকলিমা আক্তার। তিনি ওই শিশুর ধোয়া চামচ ব্যবহার করতে চান। এসময় ওই শিশু বলে,‘ তোমার চামচ এনে তুমি ব্যবহার কর। আমি আমার সব চামচ ধুয়ে-মুছে পরিস্কার করে রেখেছি।’ এতে আকলিমা আক্তার ক্ষিপ্ত হয়ে শিশু ননদকে গরম রড দিয়ে ছ্যাকা দেন। গরম রডের ছ্যাকায় আহত শিশুর কান্না শুনে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবার বাড়ি পালিয়ে যায় আকলিমা।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক ডিনা ডায়না বলেন,‘ মহিলা হয়েও কিভাবে পিতা-মাতাহীন এতিম একটা শিশুকে এভাবে নির্যাতন করল। সন্ত্রাসী ওই মহিলার কঠিন শাস্তি হওয়া উচিত। তার কঠিন শাস্তি হলে আর কেউ এই ধরনের জঘন্য কাজ করার সাহস পাবে না।’
আহত শিশুর চাচা বলেন,‘ওই মহিলা আমার ছেলের বউ, তবে খুব খারাপ। সে আমার ছেলেকে নিয়ে পৃথকভাবে বসবাস করে। এই মহিলা আমার বউকেও (শ্বাশুরি) মেরেছে। তার জ্বালায় আমরা অতীষ্ট হয়ে পড়েছি। সে কথায় কথায় রামদা দিয়ে ভয় দেখায়। আমার ভাতিজির মা-বাবা নাই, দেড় বছর বয়সে তার মা-বাবা মারা গেছে। এর পর থেকে আমি তাকে আমার কাছে রাখছি। এই বাচ্চাটাকে এইভাবে মারল। আমি তার কঠিন শাস্তি চাই।’
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন,‘ আকলিমা আক্তার নামের মহিলা পিতা-মাতাহীন শিশুটিকে অমানুষিক নির্যাতন করেছে। শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ আকলিমাকে আটক করতে অভিযান চালিয়েছিল। সে বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ তাকে আটক করার চেষ্টা করছে। ’


