চার মাসের জন্য চালু হচ্ছে কয়লা আমদানী

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্কস্টেশন দিয়ে চার মাসের জন্য ফের চালু হবে কয়লা আমদানী। আগামী ডিসেম্বর  থেকে বাংলাদেশের কয়লা ব্যবসায়ীরা কয়লা আমদানী করতে পারবেন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সচিব রাজেশ তালুকদার মঙ্গলবার বিকালে দৈনিক সুনামগঞ্জের খবরকে এই তথ্য জানান জানান।
প্রসঙ্গ, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০১৬ সালের ২৩ নভেম্বর থেকে কয়লা আমদানী শুরু  হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত মে মাসের শেষে দিকে কয়লা আমদানী বন্ধ হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েন প্রায় ৫শত কয়লা       
আমনদানীকারক। এছাড়াও কর্মহীন হয়ে পড়েন আমদানীকারকদের প্রায় ৬ হাজার কর্মচারি ও প্রায় ৩০ হাজার শ্রমিক। এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় ৩টি বন্দরের অর্ধলক্ষ মানুষ। পুনরায় কয়লা আমদানী শুরু হওয়ার খবরে তাই ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বইছে খুশির হাওয়া।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সচিব রাজেশ তালুকদার জানান, তাহিরপুর সীমান্তের শুল্কস্টেশন দিয়ে আসা কয়লার মান ভাল, চাহিদাও বেশী। পুনরায় কয়লা আমদানী শুরু হওয়ার খবরে সবার মুখে হাসি ফিরে এসেছে।’
রাজেশ তালুকদার আরও বলেন,‘ ভারতের কয়লা ব্যবসায়ীরা কয়লা রপ্তানীর জন্য সে দেশের ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আরো চার মাসের জন্য কয়লা রপ্তানী করার জন্য আদেশ দিয়েছেন। এই নিয়ে ট্রাইব্যুনাল ভারতের ব্যবসায়ীদের চতুর্থবার কয়লা রপ্তানীর আদেশ দিল। এর আগে ওই ট্রাইব্যুনালের আদেশেই কয়লা রপ্তানী বন্ধ ছিল। ’  
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন,‘ভারতের কয়লা ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে আমাদের জানিয়েছেন তাদের দেশের আদালত চার মাসের জন্য কয়লা রপ্তানীর আদেশ দিয়েছেন। ভারত থেকে কয়লা আমদানী করা যাবে এই খবরে আমদানী-রপ্তানীকারকদের মধ্যে আনন্দের কন্যা বইছে। একই সাথে কর্মহীন শ্রমিক-কর্মচারীদের কাজ করার সুযোগ পাবে।’
জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ কয়লা শুল্কস্টেশন তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর থেকে কয়লা আমদানী শুরু হলেও ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের কারণে বন্দরগুলোর আমদানী-রপ্তানী কার্যক্রম ঢিমেতালে চলছিল। এই বছরের ৫ জানুয়ারি থেকে জমতে শুরু হয় বন্দরগুলো। প্রায় ৬ মাস চালু থাকার পর গত ৩১ মে থেকে স্টেশন আবারও বন্ধ হয়ে যায়।