চাল পড়া খাওয়ানোর মতো একটি চরম কুসংস্কার যে এখনো আমাদের সমাজে জাঁকালো অবস্থান নিয়ে আছে এবং নি¤œবর্গীয় মানুষের উপর এটি অত্যাচারের নির্মম উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে তা প্রমাণ করতে শেষ পর্যন্ত মানিক মিয়াকে মরতেই হলো। না তাকে কেউ হত্যা করেনি। মানিক নামের ওই ২৫ বছরের যুবকটি বিষ পানে আত্মহত্যা করেছে। কিন্তু কেন করেছে সে আত্মহত্যা? অপমান সইতে না পেরে জীবনের গ্লানি থেকে মুক্তি নিয়েছে সে। মানিক মিয়া নামের ওই ক্ষুদ্র পানের দোকানদার যেন সমাজের যাবতীয় কুৎসিৎ ও অনিষ্টকর প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদের আগুনে নিজেকে দগ্ধ করেছে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরের একটি সংবাদ থেকে এই করুণ আত্মহননের কাহিনী জানা যায়। তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে শফিকুল ইসলামের দোকানে চুরির ঘটনা ঘটে। শফিকুল ইসলাম চোর ধরতে নিয়ে আসে কবিরাজ। কবিরাজ চাল পড়া খেতে দেয় সন্দেহভাজন কয়েকজনকে। চাল পড়ার নিয়ম হলো প্রকৃত চোর চাল চিবিয়ে ভাঙতে পারবে না। মানিক মিয়া নাকি ওই চাল ভাঙতে পারেনি। তাই মানিক মিয়াকেই চোর সাব্যস্থ করে চুরি যাওয়া টাকা ফেরৎ দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। মানিক মিয়া প্রাণপনে অস্বীকার করছিল যে সে চোর নয়। কিন্তু শফিক মিয়াদের মন তাতে টলেনি। চরম অপমানে বিধ্বস্থ মানিক মিয়া কিছুক্ষণ পরই বিষ পান করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ওই তরুণের। ভেঙে যায় এক যুবকের স্বপ্ন। একটি পরিবারে নেমে আসে অনিশ্চয়তার কৃষ্ণ অন্ধকার। মানিক মিয়া তো চলেই গেল নির্মম পৃথিবীর মায়া কাটিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গেল কিছু প্রশ্ন। যে প্রশ্নের উত্তর দেওয়া কারও পক্ষেই সম্ভব নয়। উত্তর দিতে গেলে নিজেদের অক্ষমতার কথা প্রকাশ হয়ে পড়বে। কিন্তু আসলেই কি নিজেদের অক্ষমতার চেহারা লুকাতে পারছি আমরা?
প্রথমত জ্ঞান-বিজ্ঞানের এমন উৎকর্ষ সময়ে চাল পড়ার মতো একটি চরম অপরাধমূলক কাজ চলে কী করে আমাদের গ্রামাঞ্চলে? তথাকথিত চাল চিবুতে না পারলেই যদি চোর ধরা পড়ত তাহলে দেশে এত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন কেন? মূলত কুসংস্কার, অপবিশ্বাস এমন সব অবৈজ্ঞানিক সামাজিক ব্যাধিগুলো এখনও আমাদের ব্যক্তি মানসকে ঘিরে আছে, অথচ তাই নিয়েই আমরা এগিয়ে যাওয়ার বড়াই করি। শফিকুল ইসলাম নামক যে দোকানদারের ঘরে চুরি হয়েছে তার কোন এক্তিয়ার ছিলো না বিনা প্রমাণে মানিক মিয়াকে চোর আখ্যায়িত করার। তিনি শুধু মানিক মিয়া নয়, আরও কয়েক জনকে চাল পড়া খেতে বাধ্য করেছিলেন। তিনি চাল পড়া খাইয়ে সকলকেই প্রচ- অপমান করেছেন এবং নিঃসন্দেহে দেশের প্রচলিত আইনে এটি ছিল জঘন্য অপরাধ। মানিক মিয়ার পেশাগত পরিচয় জেনে বুঝা যায় শফিকুল ইসলাম চাল খেতে বাধ্য করেছিলেন সমাজের নি¤œবর্গীয় লোকজনকেই। গরীব হলেই চোর হবে এই মানসিকতার প্রতিভূ শফিকুল ইসলাম আসলে তখন সমাজের ঘৃণিত অংশের প্রতিরূপ হয়ে উঠেছিলেন। রাষ্ট্রে যেখানে প্রতিনিয়ত সাগর চুরি হতে দেখি আমরা এবং দেখি যে এই চোরদের কেউই গরীব নয়, তখন মানিক মিয়াদের চোর সাব্যস্থ করার সংস্কৃতিটি ওই বড় চোরদের চেহারা আড়াল করার সুনিপুণ এক সামাজিক আয়োজন। তথাকথিত চালপড়া সংস্কৃতিকে ওই চোররাই লালন করে পরিপুষ্ট করে দানবের মতো বড় করে তুলছে।
নিশ্চিতভাবেই মানিক মিয়ার আত্মহত্যার দায় নিতে হবে শফিকুল ইসলাম গংদের। তাহিরপুর থানার ওসির ভাষ্য মতে এখানে কোন অভিযোগ দায়েরের দরকার নেই। ওসি স্বয়ং প্রতিকারপ্রার্থী হয়ে উপযুক্ত ব্যবস্থা নিবেন তড়িৎগতিতে, এটিই আমাদের প্রত্যাশা।

