সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের বোরো ফসল পানিতে তলিয়ে গেলেও দেশের অন্যান্য অঞ্চলে ভাল ফলন হয়েছে বলে সরকারি মহল থেকে বারবার বলা হচ্ছিল। সরকারের দায়িত্বশীলরা নানা সময়ে দেশে খাদ্যের মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং কোন খাদ্যসংকট নেই বলেও জোর গলায়ই বলছিলেন। সরকারি মহলের এইসব কথার মধ্যে এবার ভর বোরো মৌসুমে চালের দাম মাত্রা ছাড়িয়েছে। এখন যেকোন মাঝারীমানের চাল প্রতি কেজি পঞ্চাশ টাকার উপরে। জ্যেষ্ঠ মাসে সাধারণত এই চালের কেজিপ্রতি মূল্য ৩০ টাকার বেশি থাকার কথা নয়। সরকারি পর্যবেক্ষণে চালের মূল্যবৃদ্ধির হার ৩২% শতাংশ বলে স্বীকার করে নেয়া হয়েছে। এদিকে খোলাবাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা সত্বেও বাজারে চালের দাম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় অনেকেই দেশে ধান ও চালের মজুদ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। জাতীয় সংসদে জাপা দলীয় সংসদ সদস্য শওকত চৌধুরী চালের অব্যাহত মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দেশে ধান-চালের ঘাটতি রয়েছে বলে আশংকা প্রকাশ করেছেন। তাঁর কথার মধ্যে সত্যতার আভাস মিলে যখন আমরা দেখি সরকার বিদেশ থেকে চাল আমদানির চেষ্টা তদবির শুরু করেছেন। মরার উপর খাড়ার ঘার মতো আন্তর্জাতিক বাজারেও চালের দরের তেজিভাব বিরাজ করছে। বৃহত্তম ধান উৎপাদনকারী চীনেও নাকি এবার ধান উৎপাদন কম হয়েছে এবং একারণে তারা আন্তর্জাতিক বাজার থেকে ধান আমদানি করবে। সুতরাং সামনের দিনগুলোতে বাজারে ধান বা চালের দাম কমবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে। এদিকে চালের উচ্চমূল্যের জন্য দেশের অভ্যন্তরে সীমিত আয়ের লোকজনসহ শ্রমজীবি পরিবারগুলো বেশ সংকটে পতিত হয়েছেন। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ ফসল হারানোর প্রেক্ষিতে ভয়াবহ বিপর্যয়ে পড়েছেন নিঃসন্দেহে। এরকম অবস্থায় চালের বাজারকে নিয়ন্ত্রণে সরকার যদি বিশেষ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে চলমান সংকট মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলবে।
দেশে ধান-চালের মজুদ নিয়ে প্রকৃত তথ্য জানার অবকাশ কম। তাই এ বিষয়ে কোন ধরনের প্রশ্ন না তুলে আমরা সরকারের নিকট অনুরোধ করছি বাজারে ওএমএস ব্যবস্থায় চাল বিতরণকে আরও বেগবান করুন। ওএমএস ব্যবস্থাটি চালু না থাকলে বাজারের পাগলা ঘোড়া লাগামছাড়া হয়ে বেসামাল অবস্থায় পতিত হবে। প্রয়োজনে জরুরি ভিত্তিতে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে। বাজারে ভর্তুকি দিয়ে চালের পর্যাপ্ত সরবরাহ রাখতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে কঠোর হাতে তাদের দমন করতে হবে। মানুষের খাদ্য নিয়ে দেশের অভ্যন্তরে কাউকে ব্যবসায় করতে দেয়া উচিৎ হবে না। ব্যবসায়ীরা কোন ছুতোনাতা পেলেই জিনিসের দাম বাড়িয়ে দিতে ওস্তাদ। এই অর্থলোভী ব্যবসায়ীদের বিষদাঁত ভাঙতে না পারলে সরকার সাধারণ মানুষের আস্থাসংকটে পড়বেন। এই বিষয়টি বিবেচনায় নিতে হবে।
খাদ্য হচ্ছে মানুষের সবচাইতে বড় মৌলিক চাহিদা। এই চাহিদাকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রয়োজনে আর দু’চারটা খাতের বরাদ্দ কমিয়ে হলেও খাদ্যে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে। সামনের মৌসুম পর্যন্ত সরকারি এই বিশেষ ব্যবস্থা চালু রাখা একান্ত অপরিহার্য। সুনামগঞ্জসহ দেশের হাওরাঞ্চলগুলোকে এবারের ভয়াবহ সংকটের কারণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ওএমএস, ফেয়ারপ্রাইস ও ভিজিএফ’র পরিধি ব্যাপকভাবে বাড়াতে হবে। ওইসব জায়গায় দুর্নীতি রুখতে হবে। যে কৃষকরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন তাদের সংকটে রাষ্ট্রকে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাহলে কৃষকরা এবারের ক্ষতি পুষিয়ে নিতে দৃঢ়ভাবে এগিয়ে আসবেন। নতুবা অনেক কৃষক পেশা পরিবর্তন করতে বাধ্য হবেন যা কাম্য নয়।
- সুনামগঞ্জে কালবৈশাখীর তান্ডব-ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের কোন বরাদ্দ এখনও আসেনি
- আলোচিত শিশু রাজন হত্যাকান্ড- এবার নাটকে

