সুব্রত দাশ খোকন, শাল্লা
শাল্লায় সোমবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাউল বিক্রয় শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনেই ফসলহারা কৃষকের তুলনায় চাউলের পরিমাণ কম হওয়ায়, চাউল না পাওয়া হাজার হাজার কৃষক শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ‘চাউল চাই, চাউল চাই’ শ্লোগানে বিক্ষোভ করে।
ভুক্তভোগী কৃষক ও ওএমএস ডিলার সূত্রে জানা যায় সোমবার থেকে ভাটীর জনপদ শাল্লা উপজেলার ১ লক্ষ ২৫ হাজার জনসংখ্যার বিপরীতে মাত্র তিন জন ডিলারের মাধ্যমে (প্রতি ডিলার ১ হাজার কেজি করে মোট ৩ হাজার কেজি) শাল্লা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারে দুটি দোকানে চাউল বিক্রি শুরু হয়েছে।
সকাল ৯টা থেকে চাউল বিক্রি শুরু হলে বেলা বাড়ার সাথে সাথে চাউল ক্রয় করতে দুটি পয়েন্টের প্রত্যেকটিতে কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে যায়। কিন্তুু জনপ্রতি ৫ কেজি হিসাবে ৬শ জনকে দিতেই চাউল শেষ।
চাউল না পেয়ে বঞ্চিতরা চাউল চাই, চাউল চাই শ্লোগানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘিরে বেলা ১২টা থেকে বিক্ষোভ করতে থাকে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে প্রতিদিন ৩ হাজার কেজির পরিবর্তে আরো বেশি ডিলার নিয়োগ করে প্রতিদিন বেশি চাউল খোলা বাজারে বিক্রি করা যায় সেই ব্যবস্থা করবেন বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বাস দেন।


