জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মোবাইল চুরির অভিযোগে যুবকের নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত ঝুনু মিয়া (২৪) কে আটক করা হয়েছে। আটককৃত ঝুনু উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পুরান পুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে। গত সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অনিক দেবের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এসআই অনিক দেব বলেন, যুবককে মারধরের ঘটনায় অভিযুক্ত ঝুনু মিয়াকে চিলাউড়া এলাকা থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
প্রসঙ্গত, উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুরান পুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে ঝুনু মিয়ার (২৪) একটি মোবাইলফোন চুরি হয়। ঝুনু মিয়া একই গ্রামের দরিদ্র হারুন মিয়ার ছেলে সুবেল মিয়া (২৪) বিরুদ্ধে তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনেন। সোমবার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে ঝুনু মিয়ার নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক সুবেল মিয়াকে তার বসতবাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে ঝুনু মিয়ার বাড়ির একটি ঘরে আটকে হাত, পা বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় সুবেলের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


