চেয়ারম্যান পদে এক গ্রামেই চার প্রার্থী

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার একই গ্রামের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। ইউনিয়নের জানীগাঁও গ্রামের চার চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিয়ে পুরো ইউনিয়ন জুরে বেশ আলোচনা-সমালোচনা জমে উঠেছে।
চার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান, স্বতন্ত্র দুই প্রার্থী হলেন আব্দুর রকিব ও ফারুক রশিদ। কেউ বলছেন চার জন নির্বাচন করছেন, কাকে ভোট দেব কাকে দেব না। তারা মিলে আলোচনা করে একজনকে প্রার্থী করলেই ভাল হতো। আবার চার প্রার্থীর কর্মী-সমর্থকরা দাবি করছেন ভোটে নির্বাচিত হবেন তাদের প্রার্থী।  
জানীগাঁও গ্রামের ভোটার মোশারফ আলম বলেন,‘একই গ্রামের চারজন প্রার্থী হওয়ায় একটু সমালোচনা হচ্ছে ঠিক। কিন্তু শেষ পর্যন্ত গ্রামের লোকজন নিজ গ্রামের একজনকে চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। তবে সবাই মিলে আলোচনা করে একক প্রার্থী   
দিলে নির্বাচনে জয় অর্জন করা সহজ হত।’
ইউনিয়নের শ্রীপুর গ্রামের ভোটার ফয়জুর রহমান বলেন,‘জানীগাঁও গ্রামের এক বাড়িতেই বর্তমান চেয়ারম্যানসহ তিন প্রার্থী। আমার ধারণা এই তিনজনের মধ্যেই একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন।’
উল্লেখ্য, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন প্রার্থী। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুলের ভাই ইয়াকুব বখত বহলুল।