স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হুরমত নগর গ্রাম থেকে সিএনজি চুরি করে চোরচক্র পালিয়ে যাচ্ছিল সিলেটে। খবর পেয়ে সদর থানার পুলিশ পেছনে লেগে পড়ে। অবশেষে সিলেটের জালালাবাদ থানা এলাকায় দুই থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় সিলেটের তেমুখি বাইপাসে সিএনজিসহ আটক হয় চার চোর। রবিবার ভোরে এই ঘটনা ঘটে।
চোরাই সিএনজিসহ আটককৃতরা হলো, সুনামগঞ্জ পৌর এলাকার জলিলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজির হোসেন (১৯) ও একই গ্রামের তালেব মিয়ার ছেলে সোহেল মিয়া (২০), একই এলাকার ইকবাল নগরের সারজ আলীর ছেলে মিনার (২০) ও ফয়জুর রহমানের ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা শনিবার রাতে হুরমত নগর গ্রামের দিলোয়ার হোসেনের বাড়ি থেকে সিএনজি চুরি করে সিলেটে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার পথে রবিবার ভোরে সিলেট থেকে চোরাই সিএনজিসহ আটক করা হয়েছে তাদের।
এদিকে রবিবার বিকালে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের চেরাগ আলীর ছেলে দিলোয়ার হোসেন (২৮) কে আমবাড়ি এলাকা থেকে ও শহরের নতুন পাড়া থেকে একই এলাকার বাবুল দত্তের ছেলে অসিত দত্ত (২৫) নামের এক চোরকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, শনিবার রাতে হুরমত নগর থেকে সিএনজি চুরি করে সিলেটে পালিয়ে যাচ্ছিল আটককৃতরা। রবিবার ভোরে সিলেটের জালাবাদ থানা পুলিশের সহায়তায় চোরাই সিএনজিসহ এদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা দিলোয়ার হোসেনসহ আরো এক চোরকে আটক করা হয়েছে।


