স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সরকারের উন্নয়নে ও আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের চৌমুহনী বাজারে স্থানীয় আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ মুরব্বী মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, অ্যাড. আব্দুল করিম, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ডিলার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মকসুদ আলী, শংকর চন্দ্র দাস, অ্যাড. আখতারুজ্জামান সেলিম, অমল কান্তি কর, যতীন্দ্র মোহন তালুকদার, যুবলীগ নেতা বকুল তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন,‘ বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিকভাবে উন্নয়নে কাজ করছে। তাই উন্নয়নের স্বার্থে আগামীতেও আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর পুরো পরিবার দেশ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু বিএনপি উন্নয়নে বিশ্বাসী নয়। বিএনপির নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ’
সভায় বক্তারা বলেন,‘ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেও সুনামগঞ্জে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। এলাকার এমপি জাতীয় পার্টির হওয়ায় সুনামগঞ্জ সদর উন্নয়ন বঞ্চিত। তাই এলাকার উন্নয়নের জন্য আওয়ামী লীগের এমপি দরকার।’ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানান সভায় উপস্থিত নেতাকর্মীরা।
- শোকাবহ আগস্টের প্রথম দিন আজ
- শক্তিয়ারখলায় ব্যবসায়ীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


